২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রেডিট ও ডেবিট কার্ডের চার্জ কমানোর নির্দেশ দিলেন গভর্নর

ক্রেডিট ও ডেবিট কার্ডের চার্জ যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2009, 03:42 PM

Updated : 26 Aug 2022, 11:52 AM

ঢাকা, আগস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্রেডিট ও ডেবিট কার্ডের চার্জ যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান। সেইসঙ্গে কৃষকদের মাঝে কৃষি ঋণ বিতরণ ও কৃষি ভর্তুকি পৌঁছে দেওয়া এবং বয়স্ক ভাতাসহ অন্যান্য ভাতা প্রদানের ক্ষেত্রেও আধুনিক তথ্য প্রযুক্তি নির্ভর ডেবিট কার্ড সুবিধা চালু করতে ব্যাংকগুলোর প্রতি আহ্বান জানান তিনি। রোববার রাজধানীর শেরাটন হোটেলে বেসরকারি এনসিসি (ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ) ব্যাংকের 'এমপাওয়ার' ভিসা ডেবিট কার্ড এবং 'এমব্যীজ' বৈদেশিক রেমিটেন্স কার্ড উদ্বোধনকালে তিনি এ নির্দেশ দেন। গভর্নর বলেন, "আমার কাছে অনেকেই অভিযোগ করেছেন ব্যাংকগুলো তাদের ক্রেডিট ও ডেবিট কার্ডের ক্ষেত্রে অযৌক্তিক হারে (উচ্চ হারে) চার্জ আদায় করে থাকে। এটা কোনোভাবেই কাম্য নয়। ব্যাংকগুলোর সব ধরনের সেবার চার্জ যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনতে হবে।" এ প্রসঙ্গে তিনি আরও বলেন, "কোনো ব্যাংক কোনো সেবার জন্য গ্রাহকদের কাছ থেকে কী পরিমাণ চার্জ নেবে তা অবশ্যই আগেভাগে জানিয়ে দিতে হবে। সেবা দেওয়া শুরুর পর নানা অজুহাতে বিভিন্ন ধরনের চার্জ আদায় করা যাবে না।" দেশের সব মানুষের কাছে আধুনিক প্রযুক্তি নির্ভর ব্যাংকসেবা পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়ে আতিউর বলেন, শুধু শহরের কিছু মানুষকে ক্রেডিট ও ডেবিট কার্ডসহ অন্যান্য আধুনিক সেবা দিলে চলবে না। গ্রামের মানুষও যাতে এ সুবিধা পায় ব্যাংকগুলোকে সে ব্যবস্থা নিশ্চিত করতে হবে। সবার ঘরে ব্যাংকসেবা পৌঁছে দিতে হবে। কেন্দ্রীয় ব্যাংক প্রধান বলেন, "আমাদের অর্থনীতিতে যে সব বৈষম্য আছে তা আধুনিক প্রযুক্তির মাধ্যমে দূর করতে হবে।" আতিউর জানান, অতীতের সব রেকর্ড ভেঙে কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৮০০ কোটি ডলার ছাড়িছে গেছে। প্রবাসীদের পাঠানো কষ্টার্জিত রেমিটেন্সই রিজার্ভ বাড়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান রেখেছে। তিনি বলেন, "আমরা (বাংলাদেশ ব্যাংক) চাই, এ রিজার্ভ দেশে বিনিয়োগের কাজে লাগুক। এ রিজার্ভ থেকে রপ্তানিকারকরা ঋণ নিয়ে কাজে লাগাতে পারেন। এতে ঋণের সুদের হার কমারও সম্ভাবনা রয়েছে। এ কারণেই রিজার্ভ থেকে রপ্তানিকারকদের ঋণ দেওয়ার বিষয়টি নিয়ে আমরা চিন্তাভাবনা করছি।" বিষয়টি ব্যাখ্যা করে গভর্নর জানান, রপ্তানিকারকরা এ রিজার্ভ তহবিল থেকে বৈদেশিক মুদ্রায় ঋণ নেবেন। যেহেতু তারা রপ্তানির পর বৈদেশিক মুদ্রা আয় করেন, তাই বৈদেশিক মুদ্রায় তাদের ঋণ পরিশোধ করতে পারবেন। অর্থাৎ, পুরো বিষয়টি একটি 'উইন- উইন সিচুয়েশন'- দু'পক্ষই লাভবান হবে। এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নূরুল আমিন বলেন, 'এমপাওয়ার' ভিসা ডেবিট কার্ডের মাধ্যমে এনসিসি ব্যাংকের গ্রাহকরা ভিসা লোগো সম্বলিত যে কোনো এটিএম বুথ থেকে নগদ টাকা তুলতে এবং পয়েন্ট অব সেল (পিওএস) শপগুলো থেকে কেনাকাটা করতে পারবেন। আর 'এমব্যীজ' ফরেন রেমিটেন্স কার্ডের মাধ্যমে এনসিসি ব্যাংকের সব শাখা এবং দেশব্যাপী বিস্তৃত টিএমএসএস (ঠাংগামাড়া মহিলা সবুজ সংঘ)-এর ২৫০টি শাখা থেকে সরাসরি রেমিটেন্সের টাকা তোলা যাবে বলে জানান তিনি। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে এনসিসি ব্যাংকের চেয়ারম্যান ইয়াকুব আলী, উপ-ব্যবস্থাপনা পরিচালক গোলাম হাফিজ আহমেদ ও আইটি প্রধান তপন কান্তি সরকার বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এইচএ/২১৫০ ঘ.