২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্দেশ অমান্য করে পণ্যের দাম বাড়ালে কঠোর ব্যবস্থা: বাণিজ্যমন্ত্রী

সরকারি নির্দেশ অমান্য করে যারা দ্রব্যমূল্য বাড়িয়ে জনদুর্ভোগের কারণ হবে তাদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ার করে দিয়েছেন বাণিজ্যমন্ত্রী ফারুক খান। তিনি বলেন, "রমজানে মূল্য স্থিতিশীল রাখতে চাহিদার দ্বিগুণ পণ্যের মজুদ গড়ে তোলা হয়েছে। বাজারে চাহিদার তুলনায় পণ্য সরবরাহ বেশি থাকবে। ট্রেডিং করপোরেশনের (টিসিবি) মাধ্যমে পণ্য আমদানি করে ন্যায্য মূল্যে বিপণনেরও ব্যবস্থা করা হবে। দ্রব্যমূল্য বাড়ার সম্ভাবনা নেই।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2009, 02:25 PM

Updated : 26 Aug 2022, 11:52 AM

গোপালগঞ্জ, আগস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সরকারি নির্দেশ অমান্য করে যারা দ্রব্যমূল্য বাড়িয়ে জনদুর্ভোগের কারণ হবে তাদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ার করে দিয়েছেন বাণিজ্যমন্ত্রী ফারুক খান। তিনি বলেন, "রমজানে মূল্য স্থিতিশীল রাখতে চাহিদার দ্বিগুণ পণ্যের মজুদ গড়ে তোলা হয়েছে। বাজারে চাহিদার তুলনায় পণ্য সরবরাহ বেশি থাকবে। ট্রেডিং করপোরেশনের (টিসিবি) মাধ্যমে পণ্য আমদানি করে ন্যায্য মূল্যে বিপণনেরও ব্যবস্থা করা হবে। দ্রব্যমূল্য বাড়ার সম্ভাবনা নেই।" শনিবার গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা পরিষদ মিলনায়তনে ভূমিহীনদের মাঝে খাস জমির দলিল হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এ কথা বলেন। ফারুক খান বলেন, "রোবার চট্টগ্রামের খাতুনগঞ্জের ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করবো। এর মধ্যে এফবিসিসিআই ও মৌলভীবাজারের ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেছি। পণ্যের আমদানি মূল্য মিডিয়ার মাধ্যমে দেশবাসীকে জানিয়ে দেওয়া হবে।" তিনি বলেন, পাইকারি ও খুচরা বিক্রেতারা পণ্য মূল্যের তালিকা টানিয়ে রাখবেন। বাজারে সরকারের মনিটরিং ব্যবস্থা থাকবে।" ব্যবসায়ীদের উদ্দেশ্যে বাণিজ্যমন্ত্রী বলেন, "ব্যবসায় প্রতিবন্ধকতা, চাঁদাবাজি, পণ্য পরিবহনে বাধার সৃষ্টি হলে প্রশাসন আপনাদের সব ধরনের সহযোগিতা করবে।" গোপালগঞ্জের জেলা প্রশাসক শেখ ইউসুফ হারুনের সভাপতিত্বে অনুষ্ঠিত খাস জমির দলিল হস্তান্তর অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- কাশিয়ানী উপজেলা চেয়ারম্যান সুব্রত ঠাকুর, উপজেলা মৎস্য কর্মকর্তা নির্মল কুমার বোস, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আব্দুর রউফ মোল্লা, সামসুন্নাহার মিনা জামান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোক্তার হোসেন মোল্লা প্রমুখ। এ সময় গোপালগঞ্জের পুলিশ সুপারিনটেনডেন্ট মো. আব্দুল কুদ্দুছ আমীন, কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা ড. সুভাষ চন্দ্র বিশ্বাস উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ভূমিহীনদের খাস জমির দলিল, মন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিল থেকে অনুদানপ্রাপ্তদের চেক এবং জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে আয়োজিত রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন মন্ত্রী। সকালে মন্ত্রী কাশিয়ানীতে পৌঁছে উপজেলা কমপ্লেক্স সংলগ্ন পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৩৯ ঘ.