ঢাকা, আগস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারী উদ্যোক্তাদের ব্যবসায়ী হিসেবে গড়ে তোলার প্রয়াস হিসেবে রিটেইল চেইন শপ 'স্বপ্ন' পুরো রমজান মাস জুড়ে তাদের তৈরি করা ইফতার বিক্রি করবে।
'ভাবীর ইফতার' শীর্ষক এক প্রতিযোগিতার মাধ্যমে 'স্বপ্ন' এই নারী উদ্যোক্তাদের সরাসরি বাজারে সম্পৃক্ত হওয়ার সুযোগ করে দিচ্ছে।
শনিবার তেজগাঁও এ এসিআই কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসিআই লিমিটেডের চিফ অপারেটিং কর্মকর্তা আসিফ ইকবাল বলেন, "বাংলাদেশে নারী উদ্যোক্তারা সরাসরি বাজারে প্রবেশের সুযোগ পান না। এ প্রতিযোগতা হলো তাদেরকে ব্যবসায়ী হিসেবে গড়ে তোলার প্রথম সোপান।"
চেইন শপ স্বপ্ন এসিআইয়ের একটি প্রকল্প।
আসিফ বলেন, "করপোরেট সোশ্যাল রেসপনসিবিলিটির দিক থেকে নয়, বরং সত্যিকারের ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি থেকেই নারীদের ব্যবসায়ী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আয়োজন করা হচ্ছে এ প্রতিযোগিতা।
এসিআইয়ের হেড অফ মার্কেটিং (মার্চেন্ডাইজিং অ্যান্ড বায়িং) মুশফিক মনজুর জানান, দেশব্যাপী 'স্বপ্ন'র ৫০টি আউটলেটে ১০ থেকে ১৩ আগস্ট একই সঙ্গে প্রতিযোগিতার ফরম দেওয়া এবং জমা নেওয়া চলবে। ১৪ থেকে ১৭ আগস্ট দেশের সব আউটলেটে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
তিনি জানান, প্রতিযোগীরা প্রত্যেকে পাঁচটি ক্যাটাগরির দুটি করে ঘরে তৈরি ইফতারির মেন্যু প্রতিযোগিতায় পরিবেশন করবে। এতে বিচারক হিসেবে থাকবে স্বপ্নে কেনাকাটা করতে আসা ভোক্তারা। ক্রেতাদের সরাসরি ভোটে পাঁচটি সেরা রেসিপি নির্বাচন ও সেরা পাঁচজনকে পুরস্কৃত করা হবে।
মনজুর জানান, এ পাঁচজন পুরস্কার হিসেবে সারা মাসব্যাপী তাদের ঘরে তৈরি ইফতার সামগ্রী নিয়ে স্বপ্নের আউটলেটে নিজেরাই ব্যবসা কার্যক্রম পরিচালনা করতে পারবেন। মুনাফার অর্ধেক পাবে স্বপ্ন এবং অর্ধেক পাবেন ওই পাঁচজন নারী উদ্যোক্তা।
আসিফ ইকবাল জানান, ভবিষ্যতে স্বপ্ন ক্যাটারিং ব্যবসারও উদ্যোগ নেবে। যাতে এই প্রতিযোগিতার মাধ্যমে উঠে আসা নারী উদ্যোক্তাদের প্রাধান্য দেওয়া হবে।
তিনি বলেন, রিটেইল চেইন শপ 'স্বপ্ন' শুধু রাজধানী ঢাকায়ই নয় বরং দেশব্যাপী ভোক্তাদের দোড়গোড়ায় পৌঁছাতে সক্ষম হয়েছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এবিসি রেডিও'র হেড অব নিউজ অ্যান্ড প্রোগ্রাম সানাউল্লাহ লাভলু, চ্যানেল আই এর মার্কেটিং বিভাগের সহকারী মহাব্যবস্থাপক মাহবুব রহিম উদয়, এসিআই'র হেড অব কাস্টমার এক্সপিরিয়েন্স অ্যান্ড অপারেশনস সোহেল তানভীর খান, হেড অব ফাইন্যান্স অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স সাব্বির আহমেদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/আরএ/এমআই/১৭১৫ ঘ.
bdnews24