২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইপিও'র আকার দ্বিগুণের অনুমতি পেল মারিকো

ইনিশিয়াল পাবলিক অফারিং (আইপিও) এর আকার দ্বিগুণ করা এবং আইপিও'র আবেদনের সময়সীমা বাড়ানোর অনুমতি পেয়েছে দেশে প্যারাসুট নারিকেল তেল বাজারজাতকারী কোম্পানি মারিকো বাংলাদেশ লিমিটেড (এমবিএল)। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ (এসইসি) কমিশন বুধবার মারিকোকে তাদের আইপিও পরিশোধিত মূলধনের পাঁচ শতাংশ থেকে ১০ শতাংশ পর্যন্ত বাড়ানোর অনুমোদন দেয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2009, 02:29 PM

Updated : 26 Aug 2022, 11:51 AM

ঢাকা, আগস্ট ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইনিশিয়াল পাবলিক অফারিং (আইপিও) এর আকার দ্বিগুণ করা এবং আইপিও'র আবেদনের সময়সীমা বাড়ানোর অনুমতি পেয়েছে দেশে প্যারাসুট নারিকেল তেল বাজারজাতকারী কোম্পানি মারিকো বাংলাদেশ লিমিটেড (এমবিএল)। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ (এসইসি) কমিশন বুধবার মারিকোকে তাদের আইপিও পরিশোধিত মূলধনের পাঁচ শতাংশ থেকে ১০ শতাংশ পর্যন্ত বাড়ানোর অনুমোদন দেয়। বৃহস্পতিবার একথা নিশ্চিত করে এসইসি'র নির্বাহী পরিচালক আনোয়ারুল কবির ভূইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গ্রিন সু নামের একটি প্রকল্পের আওতায় এ অনুমোদন দেওয়া হয়েছে।" বাজার নিয়ন্ত্রক সংস্থাটির এই কর্মকর্তা জানান,অতিরিক্ত সংখ্যক আবেদন পড়লে কোনও প্রতিষ্ঠান প্রসপেক্টাসে উল্লেখ করা সংখ্যার বেশি শেয়ার বাজারে ছাড়তে পারবে- এমন সুযোগ আছে ওই প্রকল্পে। তিনি বলেন, "বিনিয়োগকারীদের আবেদনের চাপে তারা অনুমতি চেয়েছিল।" মুম্বাইভিত্তিক মারিকো লিমিটেডের এ অঙ্গ প্রতিষ্ঠান তাদের আইপিও'র আবেদন জমা দেওয়ার সময়সীমা দুইদিন বাড়ানোরও অনুমতি পেয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) ওই সময়সীমা শেষ হওয়ার কথা ছিল। আনোয়ারুল কবির আরও জানান, এসইসির (বুধবারের) বোর্ড সভায় আবেদন সংগ্রহের সময় সোমবার (১০ আগস্ট) পর্যন্ত বাড়ানো হয়েছে। স্থানীয় কয়েকটি বাণিজ্যিক ব্যাংকের ঋণ পরিশোধের জন্য বাজার থেকে সাড়ে ১৩ কোটি টাকা তুলতে গত মাসে ১৪ লাখ ৯২ হাজার একশ' সাধারণ শেয়ার ছাড়ার অনুমতি পায় মারিকো। এর প্রতি শেয়ারের মূল্য নির্ধারিত হয় ৯০ টাকা যার ১০ টাকা অভিহিত মূল্য এবং ৮০ টাকা প্রিমিয়াম। কোম্পানিটির বর্তমান পরিশোধিত মূলধন ২৮ কোটি ৩৫ লাখ টাকা। প্যারাসুট নারিকেল তেল ছাড়াও ক্যামেলিয়া ও অ্যারোমেটিক সাবান বাজারজাত করছে এমবিএল। এছাড়া মারিকো লিমিটেডের হেয়ার কেয়ার সামগ্রীও বাজারজাত করছে তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/এজে/এসকে/২০৪১ঘ.