ঢাকা, আগস্ট ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মা সেতু নির্মাণে অর্থ সহায়তা ১৬ কোটি ডলার বাড়াচ্ছে বিশ্বব্যাংক।
এ সেতু নির্মাণে প্রকল্প সহায়তা হিসেবে এ পর্যন্ত বিশ্বব্যাংকের ৩০ কোটি ডলার দেওয়ার কথা ছিল। বৃহস্পতিবার যোগাযোগমন্ত্রীর সঙ্গে বৈঠকে বিশ্বব্যাংকের এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট ইসাবেল গেরেরো জানিয়েছেন, তারা আরও ১৬ কোটি ডলার সহায়তা দেবেন।
পদ্মা সেতুর নির্মাণ ব্যয় ১৯০ কোটি ডলার ধরেছে সরকার। বিশ্বব্যাংকের বাইরে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এ প্রকল্পে ৩৫ কোটি ডলার সহায়তা দিচ্ছে। (আরো তথ্যসহ)
বিশ্বব্যাংক ভাইস প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের পর সৈয়দ আবুল হোসেন সাংবাদিকদের বলেন, "পদ্মা সেতু নির্মাণে কিছু টাকার ঘাটতি ছিল। আজ (বৃহস্পতিবার) বিশ্বব্যাংক আরও অর্থ সহায়তার কথা জানিয়েছে। এছাড়াও সড়ক ও জনপথ বিভাগের কিছু টাকা পদ্মা সেতুর নির্মাণে ব্যয় করা হবে।"
এদিকে গেরেরো বলেন, সড়ক ও জনপথ বিভাগের প্রতি বিশ্বব্যাংকের অর্থ সহায়তা অব্যাহত থাকবে।
গত ২৯ জুলাই অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জানিয়েছিলেন, পদ্মা সেতুর নির্মাণ ব্যয় বেড়ে ১ দশমিক ৯ বিলিয়ন মার্কিন ডলার দাঁড়াবে।
যোগাযোগ মন্ত্রণালয়ের তথ্য অনুয়ায়ী, প্রথম দিকে এ সেতু নির্মাণে সবমিলিয়ে আনুমানিক ব্যয় ধরা হয়েছিল ১ দশমিক ২ বিলিয়ন ডলার। বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় এর ব্যয় বেড়ে দাঁড়ায় ১ দশমিক ৫ থেকে ১ দশমিক ৬ বিলিয়ন ডলার।
গত ৪ আগস্ট ভাইস প্রেসিডেন্ট গেরেরোর সঙ্গে বৈঠকের পর অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত সাংবাদিকদের বলেন, দুর্নীতি হয় এ যুক্তিতে বিশ্বব্যাংক সড়ক অবকাঠামো খাতের উন্নয়নে কাজ করতে চাচ্ছে না। এ দুর্নীতির জন্য তিনি সেদিন বিশ্ব ব্যাংকও সংশ্লিষ্ট বলে মন্তব্য করেন।
এ প্রসঙ্গে জানতে চাইলে গেরেরো সরাসরি জবাব না দিয়ে বলেন, "নতুন কৌশল অনুযায়ী এখন থেকে বিশ্ব ব্যাংক বিভিন্ন দেশকে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ সাহায্য দেবে। সেই অর্থ সংশ্লিষ্ট দেশের সরকার তাদের ইচ্ছেমত খাতে ব্যয় করতে পারবে।"
তিনি আরও জানান, বাংলাদেশের যোগাযোগ খাত ছাড়াও জ্বালানি , পানিসম্পদ, পয়ঃনিষ্কাশন, জলবায়ু পরিবর্তন ইত্যাদি বিষয়ে সহায়তা দেওয়ার বিষয়ে যোগাযোগমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে।
যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন সাংবাদিকদের বলেন, বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলের সঙ্গে 'ফলপ্রসূ' আলোচনা হয়েছে।
তিনি বলেন, "পদ্মা সেতুর নকশা চলতি মাসের ২৭ তারিখে উপস্থাপন করা হবে। এরপর প্রধানমন্ত্রী ও দেশি-বিদেশী বিশেষজ্ঞদের পরীক্ষা-নিরীক্ষার পর তা চূড়ান্ত করা হবে। আশা করছি আগামী ডিসেম্বরের মধ্যেই সেতুর নকশা চূড়ান্ত হবে।"
যোগাযোগ মন্ত্রী আরও জানান, সেতুর অর্থ সংগ্রহের জন্যই সড়ক ও জনপথ বিভাগের কিছু টাকা এ খাতে নিয়ে আসা হয়েছে।
নির্মাণ কাজ যথাসময়ে শেষ করার আশ্বাস দিয়ে মন্ত্রী বলেন, ২০১৩ সালের ডিসে
bdnews24