২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একনেকে ১৫৩৭ কোটি টাকার চার প্রকল্প অনুমোদন

সড়ক যোগাযোগ উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ প্রকল্পসহ ১৫৩৭ কোটি টাকার চারটি প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন পেয়েছে। মঙ্গলবার এনইসি দপ্তরে একনেক চেয়ারম্যান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সভায় এ অনুমোদন দেওয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2009, 01:58 PM

Updated : 26 Aug 2022, 11:50 AM

ঢাকা, আগস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সড়ক যোগাযোগ উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ প্রকল্পসহ ১৫৩৭ কোটি টাকার চারটি প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন পেয়েছে। মঙ্গলবার এনইসি দপ্তরে একনেক চেয়ারম্যান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সভায় এ অনুমোদন দেওয়া হয়। চারটি প্রকল্পে মোট ব্যয়ের ৬০৬ কোটি টাকা বাংলাদেশ সরকার এবং বাকি ৯৩১ কোটি টাকা দাতা সংস্থার কাছ থেকে অর্থ সাহায্য হিসেবে নেওয়া হবে। চারটি প্রকল্পের মধ্যে সড়ক ও জনপথ বিভাগের অধীনে সড়ক ও জনপথ অধিদপ্তরের 'সড়ক নেটওয়ার্ক উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ প্রকল্প-২ (সংশোধিত)'-এর ব্যয় ধরা হয়েছে ১০৯৩ কোটি টাকা। এর মধ্যে ৪২১ কোটি টাকা দেবে বাংলাদেশ সরকার এবং ৬৭২ কোটি টাকা দাতা সংস্থা। সভা শেষে পরিকল্পনা মন্ত্রী একে খন্দকার সাংবাদিকদের বলেন, "এ প্রকল্পের আওতায় সারাদেশেই প্রয়োজন অনুযায়ী রাস্তা চওড়া, রক্ষাবেক্ষণ ও সংযোগ সড়কগুলোর উন্নতি করা হবে।" প্রকল্পের আওতায় মহাসড়কের ওপর থেকে বাজার অন্যত্র সরিয়ে নেওয়া হবে কিনা জানতে চাওয়া হলে তিনি বলেন, "মহাসড়কের ওপর বাজারগুলো সরিয়ে নেওয়া হবে অথবা ওইসব জায়গায় রাস্তা চওড়া করা হবে।" অনুমোদন পাওয়া বাকি প্রকল্পগুলো হলো ২৬৮ কোটি টাকার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর 'শহরের কর্মজীবী শিশুদের জন্য মৌলিক শিক্ষা প্রকল্প-২য় পর্যায় (সংশোধিত)'। ১৫০ কোটি টাকা ব্যয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ রাইফেলসের '৫০ শয্যার তিনটি বিডিআর হাসপাতাল (চুয়াডাঙ্গা, ঠাকুরগাঁও ও খাগড়াছড়ি) স্থাপন' এবং ২৬ কোটি টাকা ব্যয়ে বাংলাদেশ সরকারি কর্মকমিশনের 'ঢাকার শেরে বাংলা নগরের আগারগাঁওয়ে বাংলাদেশ সরকারি কর্ম-কমিশন সচিবালয় কমপ্লেক্স নির্মাণ (২য় পর্ব)'। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এএল/এসকে/২০০৭ঘ.