২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বব্যাংকের দুর্নীতির অভিযোগে ছেড়ে কথা কইলেন না মুহিতও

দুর্নীতির অভিযোগ এনে সড়ক অবকাঠামো উন্নয়নে বিনিয়োগে অনাগ্রহ দেখিয়েও শেষ পর্যন্ত বাংলাদেশকে ৩০০ কোটি ডলার অর্থ সহায়তা দিতে রাজি হয়েছে বিশ্বব্যাংক। তবে দুর্নীতির অভিযোগে ছেড়ে কথা বলেননি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2009, 06:55 AM

Updated : 26 Aug 2022, 11:51 AM

ঢাকা, আগস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতির অভিযোগ এনে সড়ক অবকাঠামো উন্নয়নে বিনিয়োগে অনাগ্রহ দেখিয়েও শেষ পর্যন্ত বাংলাদেশকে ৩০০ কোটি ডলার অর্থ সহায়তা দিতে রাজি হয়েছে বিশ্বব্যাংক। তবে দুর্নীতির অভিযোগে ছেড়ে কথা বলেননি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ঢাকা সফররত বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ইসাবেল এম গুয়েরেরো মঙ্গলবার অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। সংস্থাটি দক্ষিণাঞ্চলের নৌ খাতের উন্নয়নে সহায়তা দিতে আগ্রহী। সচিবালয়ে বৈঠকের পর মুহিত জানান, সংস্থাটি বাংলাদেশকে আগামী তিন বছরে ৩ বিলিয়ন (৩০০ কোটি) ডলার সহায়তা দেবে। অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, "সড়ক অবকাঠামো খাতের উন্নয়নে তাদের (বিশ্বব্যাংক) অর্থায়ন করতে বলেছি। কারণ এ খাতটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ। কিন্তু এ মুহূর্তে তারা এ খাত নিয়ে কাজ করতে চাচ্ছে না। ওরা বলছে, এ খাতে দুর্নীতি হয়। "আমি বলেছি, এর সঙ্গে তোমরাও (বিশ্ব ব্যাংক) সংশ্লিষ্ট এই ভাবে যে এ সব প্রকল্প তোমরাই অনুমোদন করেছ।" মুহিত বলেন, আগামী তিন বছরে বিশ্বব্যাংকের প্রতিশ্র"ত সহায়তা আগের চেয়ে বেশি। তিনি বলেন, "দক্ষিণাঞ্চলের উন্নয়নে বিশ্বব্যাংক আগ্রহী। গড়াই নদীর খনন কাজে অর্থায়নে তারা রাজি হয়েছে। মংলা বন্দরের উন্নয়নেও তারা সহায়তা করতে চায়। তবে আমরা এখনও এ বিষয়ে কোনও প্রকল্প প্রস্তাব তাদের কাছে জমা দিইনি। এ ছাড়া আমাদের দেশে নিয়মিত যে সব সমুদ্র বা নদী চ্যানেল আছে, সে সব সংস্কার কাজেও তারা সহায়তা করবে।" সরকারি ক্রয় নীতিমালায় যে সংস্কার চলছে, তাতে বিশ্বব্যাংক সহায়তা করবে কি না- জানতে চাওয়া হলে অর্থমন্ত্রী বলেন, "তারা এ বিষয়টিকে সমর্থন করছে। সংস্কার হলেও তারা সমর্থন করবে।" বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে তথ্য প্রযুক্তি, বিদ্যুৎ কেন্দ্র স্থাপন, সামাজিক সুরক্ষা প্রকল্প, গ্রামীণ উন্নয়ন প্রকল্প নিয়েও আলোচনা হয়েছে বলে মুহিত জানান। সরকারি কর্মকর্তাদের জন্য পে কমিশন কবে থেকে চালু হবে- জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, "পে কমিশন কমিটি, ডিফেন্স কমিটি ও সচিব কমিটি প্রতিবেদন এলে আমি তা পর্যালোচনা করে মন্ত্রিসভায় পাঠাব। তবে এ মাসের মধ্যে এটি মন্ত্রিসভায় যাওয়ার সম্ভাবনা নেই।" অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠকে বাংলাদেশে বিশ্বব্যাংকের অন্তর্বর্তীকালীন আবাসিক প্রতিনিধি রবার্ট ফ্লয়ডও ছিলেন। বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট ইসাবেল সোমবার ঢাকা এসেছেন। ৭ আগস্ট তার সফর শেষ হওয়ার কথা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এফএফ/এমআই/১৩০০ ঘ.