ঢাকা, আগস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বৈশ্বিক অর্থনৈতিক মন্দার প্রভাবে দেশে বিনিয়োগের হার কমেছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
রোববার সচিবালয়ে বাংলাদেশ সিরামিক ওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের (বিসিডব্লিউএমএ) একটি প্রতিনিধিদল দলের সঙ্গে বৈঠকের পর অর্থমন্ত্রী একথা বলেন।
মুহিত বলেন, "বিশ^ অর্থনীতির মন্দার কারণে দেশে সরাসরি বৈদেশিক বিনিয়োগ (এফডিআই) ও অভ্যন্তরীণ বিনিয়োগ কমেছে। বিনিয়োগের ক্ষেত্রে এ অবস্থা দূর করতে আমরা (সরকার) বিদ্যুৎ সরবরাহের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি। নতুন বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে সরকার মহাপরিকল্পনা প্রণয়ন করছে।"
পরিকল্পনা বাস্তবায়ন হলে দেশে বিদ্যুৎ সমস্যার সমাধান হবে এবং সেই সঙ্গে বিনিয়োগ বাড়বে বলেও আশা প্রকাশ করেন অর্থমন্ত্রী।
বিনিয়োগ হ্রাস পাওয়ার কারণ ব্যাখা করে অর্থমন্ত্রী বলেন, "দেশী ও বিদেশী উভয় বিনিয়োগ কমে যাওয়ার প্রধান কারণ হচ্ছে চলমান অর্থনৈতিক মন্দা। এখন কেউ বিনিয়োগে সাহস পাচ্ছে না। সবাই সামগ্রিক অবস্থা গভীরভাবে পর্যালোচনা করছে। মন্দা কিছুটা কমে গেলেই বিনিয়োগ প্রবাহ বাড়বে। আর ওই সময়ের জন্য আমাদেরও প্রস্তুত থাকতে হবে।"
একই সঙ্গে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, শিল্প প্রতিষ্ঠান স্থাপন করার পর সেখানে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে না পারলে কেউ বিনিয়োগে এগিয়ে আসবে না। কাজেই দ্র"ততর সময়ের মধ্যে আমাদের এ খাতের উন্নয়ন করতে হবে।
তিনি বলেন, আগামী সেপ্টেম্বর-অক্টোবরের মধ্যে বাজেটে ঘোষিত পাবলিক প্রাইভেট পার্টনারশীপ (পিপিপি) নীতিমালা চূড়ান্ত করা হবে। এটা চূড়ান্ত হলে বিনিয়োগ বাড়বে।
বিশেষ করে বিদ্যুৎখাতে অনেক বেসরকারি উদ্যোক্তা বিনিয়োগে এগিয়ে আসবে বলে জানান তিনি।
বিশ^ মন্দার প্রভাব মোকাবেলা সংক্রান্ত আরেক এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, এজন্য প্রণোদনা প্যাকেজ অব্যাহত থাকবে। যে পর্যন্ত না স্বাভাবিক পরিস্থিতি ফিরে না আসে সে পর্যন্ত আমাদের দেশের অবস্থা বিবেচনায় রেখে বিভিন্ন খাতে প্রণোদনা সহায়তা দেওয়া হবে।
বাজেটে করপোরেট ট্যাক্স কমানো হলেও ব্যাংকগুলো ঋণের সুদের হার কমাচ্ছে না-এ সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী বলেন, "এটা আমাদের দৃষ্টিতে আছে। বিষয়টি বাংলাদেশ ব্যাংক দেখবে। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের প্রতি আমাদের আস্থা আছে। আশা করি সঠিক সময়েই এ ব্যাপারে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।"
দেশের ব্যাংকগুলোতে অতিরিক্ত তারল্য অলস পড়ে থাকলেও ঋণ প্রবাহ থমকে থাকায় আর্থিক ব্যবস্থাপনায় কোন সমস্যা হবে কিনা- এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, "আমাদের ঋণ সংস্কৃতি বদলাতে হবে। বিনিয়োগ কম হচ্ছে বলে এ অবস্থার সৃষ্টি হয়েছে। বিনিয়োগকারীরা এ মুহূর্তে ব্যাংক থেকে ঋণ নিয়ে বিনিয়োগ করতে সাহস পাচ্ছেন না।"
অর্থমন্ত্রী জানান, আগামী সেপ্টেম্বর-অক্টোবর মাসে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বৈঠকের পরে বিশ^ অর্থনীতিতে কিছু পরিবর্তন দেখা যেতে পারে।
মন্ত্রীর সঙ্গে সাক্ষাতকারী বিসিডব্লিউএমএ প্রতিনিধি দলটির নেতৃত্ব দেন সভাপতি রাশেদ মওদুুদ খান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসকে/২১১৩ঘ.
bdnews24