২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার এখন বিশ্ব অর্থনীতির সঙ্গে জড়াতে চায় না: উপদেষ্টা

মন্দার প্রভাব থেকে দূরে থাকতে সরকার এই মুহূর্তে বিশ্ব অর্থনীতির সঙ্গে বাংলাদেশকে জড়াতে চায় না। কারণ বিশ্ব মন্দার প্রভাব সামলাবার মতো অর্থনৈতিক সক্ষমতা এখনো আমাদের গড়ে ওঠেনি। প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান শনিবার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2009, 02:39 PM

Updated : 26 Aug 2022, 11:49 AM

ঢাকা, আগস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মন্দার প্রভাব থেকে দূরে থাকতে সরকার এই মুহূর্তে বিশ্ব অর্থনীতির সঙ্গে বাংলাদেশকে জড়াতে চায় না। কারণ বিশ্ব মন্দার প্রভাব সামলাবার মতো অর্থনৈতিক সক্ষমতা এখনো আমাদের গড়ে ওঠেনি। প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান শনিবার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) 'স্টেট অব দ্য ইকোনমি' শীর্ষক এই সেমিনারের আয়োজন করে। অন্যান্য অর্থনীতিবিদ ও সরকারী কর্মকর্তাদের মতের প্রতিধ্বনি করে মশিউর রহমান বলেন, বিশ্ব অর্থনীতির সঙ্গে তেমনভাবে সম্পর্কিত না হওয়ায় বাংলাদেশ এখনো বিশ্ব মন্দার প্রভাব থেকে মুক্ত রয়েছে। তবে এ মন্দা দীর্ঘায়িত হলেও প্রভাব বাংলাদেশে পড়বে না, সেটা ভাবার কোন কারণ নেই। ইআরএফ সভাপতি নাজমুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে আরো বক্তব্য দেন অর্থনীতি সমিতির সভাপতি ড. কাজী খলিকুজ্জামান আহমেদ, এফবিসিসিআই'র সাবেক সভাপতি আব্দুল আউয়াল মিন্টু, ফরেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি ওয়ালি ভূঁইয়া, এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নূরুল আমিন এবং ইআরএফ সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু। অর্থনীতিবিদ অনন্য রায়হান এতে মূল নিবন্ধ উপস্থাপন করেন। অনুষ্ঠানে ২০০৯ সালে অর্থনৈতিক খাতে বিভিন্ন প্রতিবেদনের জন্য তিনটি সেরা পুরস্কার দেওয়া হয়। পুরস্কারপ্রাপ্তদের প্রত্যেককে ৫০ হাজার টাকা এবং একটি করে ক্রেস্ট দেওয়া হয়। আর্থিক খাত বিষয়ক প্রতিবেদনের জন্য প্রথম আলোর ফখরুল ইসলাম হারুন, উন্নয়ন অর্থনীতি বিষয়ক প্রতিবেদনের জন্য ইনকিলাবের সালাউদ্দিন বাবলু এবং ইলেক্ট্রনিক মিডিয়ায় প্রকাশিত প্রতিবেদনের জন্য যুগ্মভাবে বাংলাভিশনের শারমীন রিনভী ও এনটিভি'র মিরাজ আহমেদ চৌধুরী পুরস্কার পান। মশিউর রহমান আরো বলেন, উন্নত দেশগুলোর মূল বিনিয়োগ মূলতঃ অবকাঠামো নির্মাণ এবং ভোগ্যপণ্য উৎপাদন খাতে। তাই এসব দেশে অবকাঠামো উন্নয়ন খাতে বিনিয়োগ বাড়লেই বাংলাদেশের মতো জনশক্তি রপ্তানীকারক দেশের রপ্তানী বাড়বে যা রেমিটেন্স আয়ে সহায়ক হবে। এছাড়া মন্দা মোকাবেলায় আন্তর্জাতিক সহায়তাও দেশকে মন্দার প্রভাব থেকে মুক্ত রাখতে সহায়ক হবে। তিনি বলেন, অভ্যন্তরীণ উৎপাদন, চাহিদা বৃদ্ধি এবং বিদেশে রপ্তানী বৃদ্ধিতে সরকার বিশেষ গুরুত্ব দিয়েছে। অভ্যন্তরীণ বিনিয়োগ ও কর্মসংস্থান অর্থনীতিকে গতিশীল করে। এক্ষেত্রে আমাদের অবশ্যই দৃষ্টি দিতে হবে। তবে এজন্য যেন আমরা আন্তর্জাতিক বাজার না হারাই, সেদিকেও দেখতে হবে। বাংলাদেশের মতো দেশে অর্থনৈতিক উন্নয়নে 'ইতিবাচক নিয়ন্ত্রণের' প্রয়োজন রয়েছে বলে মত দেন উপদেষ্টা। বিদ্যুৎকে শিল্পায়নের অন্যতম উপাদান হিসেবে উল্লেখ করে উপদেষ্টা বলেন, বিদ্যুৎ উৎপাদনের জন্য যথাযথভাবে কয়লা উৎপাদন ও গ্যাস সমস্যার সমাধান করতে হবে। কয়লা উৎপাদনের জন্য প্রয়োজনে ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণ ও পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। কাজী খলীকুজ্জামান আহমেদ তিন মাস পরপর বার্ষিক উন্নয়ন কর্মসূচি পর্যালোচনা করার পরামর্শ দিয়ে বলেন, বর্তমান বাজেটে সরকার যেসব উন্নয়ন বরাদ্দ রেখেছে, তা অত্যন্ত ইতিবাচক। সরকারের নির্বাচনী ইশতেহার এবং উন্নয়নের ক্ষেত্রে এগুলো কার্যকর হবে। তিনি কৃষি খাতে বিনিয়োগ বাড়ানোর পরামর্শ দিয়ে বলেন, দেশের অর্থনীতিকে চাঙা করতে কৃষিখাতে বিনিয়োগ বাড়াতে হবে। কৃষিখাতে সরকারি বরাদ্দের টাকা এনজিওর মাধ্যমে বিতরণের উদ্যোগ নেওয়ায় কৃষকরা বৈষম্যের শিকার হবেন বলে সাবধান করে দিয়ে তিনি বলেন, যারা ব্যাংক থেকে নেবেন তারা এক সুদে, আর যারা এনজিও থেকে নেবেন তারা ভিন্ন সুদে ঋণ পাবেন। এ অবস্থা দূর করতে যত দ্রুত সম্ভব সেসব এলাকায় ব্যাংকিং সুবিধার ব্যবস্থা করতে হবে। খলীকুজ্জামান বলেন, শুধু জিডিপি প্রবৃদ্ধির মাধ্যমে অর্থনীতির প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। দারিদ্র্য দূরীকরণে জিডিপি প্রবৃদ্ধি সাধারণ মানুষের নাগালে পৌঁছাতে হবে এবং বৈষম্য দূর করতে হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসকে/২০৪৫ঘ.