২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দারিদ্র্য বিমোচনে বিদেশ যেতে ঋণ দেওয়ার সুপারিশ বিশ্ব ব্যাংকের

দরিদ্রদের বিদেশ যাওয়ার সুযোগ সৃষ্টিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হলে এটি দারিদ্র্য বিমোচন প্রক্রিয়াকে আরো গতিশীল করবে বলে মনে করে বিশ্ব ব্যাংক। সংস্থাটির জ্যেষ্ঠ অর্থনীতিবিদ জাহিদ হোসেন বুধবার এক সংবাদ সম্মেলনে একথা বলেন। তিনি বলেন, "যদিও বিদেশ যেতে বেশ টাকা খরচ হয় তারপরও তাদের পাঠানো রেমিটেন্সের পরিমাণ অনেক বেশি।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2009, 04:44 PM

Updated : 26 Aug 2022, 11:49 AM

ঢাকা, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দরিদ্রদের বিদেশ যাওয়ার সুযোগ সৃষ্টিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হলে এটি দারিদ্র্য বিমোচন প্রক্রিয়াকে আরো গতিশীল করবে বলে মনে করে বিশ্ব ব্যাংক। সংস্থাটির জ্যেষ্ঠ অর্থনীতিবিদ জাহিদ হোসেন বুধবার এক সংবাদ সম্মেলনে একথা বলেন। তিনি বলেন, "যদিও বিদেশ যেতে বেশ টাকা খরচ হয় তারপরও তাদের পাঠানো রেমিটেন্সের পরিমাণ অনেক বেশি।" 'বাংলাদেশে রেমিটেন্স প্রবাহ' শীর্ষক বিশ্ব ব্যাংকের এক নিরীক্ষা প্রতিবেদন প্রকাশ উপলক্ষে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। বিভিন্ন সংস্থার গরিবদের জন্য ক্ষুদ্র ঋণ কার্যক্রমের প্রসঙ্গ তুলে জাহিদ হোসেন বলেন, "এ থেকে তারা (দরিদ্ররা) যেটুকু সুবিধা পাচ্ছে তাতে তাদের অবস্থার তেমন পরিবর্তন হয় না।" কিন্তু দরিদ্রদের বিদেশ যাওয়ার জন্য ঋণ সহায়তা দেওয়া হলে দারিদ্র্য দূরীকরণের পাশাপাশি সংস্থাগুলোও লাভবান হবে বলে অভিমত দেন তিনি। বিশ্ব ব্যাংকের এই কর্মকর্তা বলেন, "আমার বিশ্বাস এ ধরনের ক্ষুদ্রঋণ কার্যক্রমে সংশ্লিষ্ট সংস্থাগুলো বেশ লাভবান হবে।" বিশ্ব ব্যাংকের এক পরিসংখ্যানে দেখা গেছে, বিদেশ যাওয়া বাবদ বাংলাদেশে জনপ্রতি গড় ব্যয় এক লাখ ৬১ হাজার টাকা যা মাথাপিছু জিডিপি'র ৩ দশমিক ৮ ভাগ বেশি। জাহিদ হোসেন বলেন, গড়ে এক বছরে একজনের বিদেশে অর্জিত টাকা দেশে পাঠানোর হার এক লাখ এক হাজার টাকা যা মাথাপিছু জিডিপি'র দুই দশমিক চার গুণ। বিশ্ব ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, বাংলাদেশের ২৪ শতাংশ মানুষ নিজেদের অর্থেই বিদেশ পাড়ি জমায়। এছাড়া বন্ধু বা স্বজনদের কাছ থেকে সাহায্য নেয় ২১ শতাংশ। অন্যদিকে, ১০ শতাংশ স্বজনদের কাছ থেকে ঋণ নিয়ে এবং ১২ শতাংশ সহায় সম্বল বিক্রি করে বিদেশ যাওয়ার অর্থ যোগাড় করে। যেসব পরিবারের কোনো সদস্য বিদেশে রয়েছেন তাদের সঙ্গে অন্য পরিবারগুলোর খরচের খাতেরও বেশ তফাত লক্ষ্য করা গেছে। তবে স্বাস্থ্য, শিক্ষা, গহনা, জমি কেনা কিংবা গাড়ি- এসব ক্ষেত্রে এই দুই শ্রেণীর মধ্যে তেমন কোনো পার্থক্য পাওয়া যায়নি বলে জানান জাহিদ হোসেন। তবে বিদেশ থেকে পাঠানো অর্থ কৃষিখাতে বিশেষ করে বীজ ও সার কিনতে ব্যয় করা হয়। অন্য শ্রেণীটি এদিক দিয়ে অনেকটা পিছিয়ে। বাৎসরিক হিসেবে গড়ে একজনের পাঠানো রেমিটেন্সের পরিমাণ ৮১৬ মার্কিন ডলার। অর্থনীতিবিদ জাহিদ হোসেন আন্তর্জাতিক শ্রম বাজারের চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি তৈরির বিষয়েও গুরুত্বারোপ করেন। বিশেষ করে ভাষা ও নারীদের দক্ষতা বৃদ্ধিতে আরো মনোযোগী হওয়ার পরামর্শ দেন তিনি। এছাড়া চাকরি নিয়ে বিদেশ যেতে গিয়ে কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয় সে ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরো বেশি সজাগ থাকা উচিত বলেও মনে করেন তিনি। বিশ্ব ব্যাংকের ওই প্রতিবেদনে প্রবাসী শ্রমিকদের সমস্যা সমাধানে বাংলাদেশের বিদেশি মিশনগুলোকে আরো বেশি তহবিল দেওয়ার পরামর্শ দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/এএল/এসকে/২২৫৬ঘ.