ঢাকা, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকম)- বিশ্ব অর্থনীতির চলমান মন্দা মোকাবিলায় স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) জন্য উন্নত দেশগুলো যে তহবিল গঠন করেছে তা আদায়ে এলডিসিভুক্ত দেশগুলোকে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
সোমবার রাজধানীর সোনারগাঁও হোটেলে 'এশিয়া-প্রশান্ত মহাসাগর অঞ্চলে বিশ্ব আর্থিক সঙ্কট মোকাবিলার ধরন'- শীর্ষক চার দিনব্যাপী উচ্চ পর্যায়ের এক আঞ্চলিক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। (বিস্তারিত)
অর্থমন্ত্রী বলেন, "বিশ্ব অর্থনীতিতে যে চরম সঙ্কট দেখা দিয়েছে তার জন্য কোনো অবস্থাতেই স্বল্প আয়ের দেশগুলো (এলআইসি) দায়ী নয়। এ সঙ্কটের জন্য উন্নত দেশগুলো এককভাবে দায়ী। ২০০২ সাল থেকে তাদের সতর্ক করা হচ্ছিল। কিন্তু তারা তা আমলে নেয়নি। আর এখন তাদের জন্য আমাদের মতো দেশের (এলআইসিভুক্ত দেশ) অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব পড়েছে। এর দায়দায়িত্ব তাদেরকেই (উন্নত দেশ) নিতে হবে।"
তিনি বলেন, "উন্নত দেশগুলো আমাদের মতো কম আয়ের দেশগুলোর জন্য যে তহবিল গঠন করেছে তা আদায়ের জন্য সোচ্চার হতে হবে। শুধু এ ধরনের সেমিনার-কর্মশালা করে কোনো লাভ হবে না। তহবিল থেকে আমাদের বরাদ্দ আদায়ে সম্মিলিতভাবে দাবি জানাতে হবে। যাতে তারা আমাদের জন্য নির্ধারিত বরাদ্দ অর্থ ছাড় করতে বাধ্য হয়।"
বাংলাদেশ ব্যাংক ও জাতিসংঘের (ইউএন) ইকনোমিক অ্যান্ড সোস্যাল কমিশন ফর এশিয়া অ্যান্ড দি প্যাসিফিক (এসকাপ) যৌথভাবে এ কর্মশালার আয়োজন করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান, ডেপুটি গভর্নর নজরুল হুদা, এসকাপ-এর পরিচালক নগেশ কুমার বক্তব্য রাখেন।
গত এপ্রিলে লন্ডনে অনুষ্ঠিত জি-২০ সম্মেলনে বিশ্বমন্দা মোকাবেলায় ১ দশমিক ১ ট্রিলিয়ন ডলারের একটি তহবিল গঠন করা হয়। ঐ তহবিল থেকে স্বল্পোন্নত দেশগুলোর জন্য ৫০ বিলিয়ন ডলার দেওয়া হবে বলে ঘোষণা দেয়া হয়।
কর্মশালায় বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলংকা, ভুটান, মালদ্বীপ, নেপাল, চীন, কম্বোডিয়া, মালয়েশিয়া, ফিজি, ফিলিপাইন, কোরিয়া, রাশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম, লাওসের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।
এছাড়া ইউএনডিপি, বিশ্বব্যাংক, আইএমএফ, এডিবি এবং স্থানীয় ও আন্তর্জাতিক বিভিন্ন গবেষণা সংস্থার প্রতিনিধিরা এ কর্মশালায় অংশ নিচ্ছেন।
বাংলাদেশের প্রতিনিধিদের মধ্যে রয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) অতিরিক্ত সচিব মোশারফ হোসেন ভূঁইয়া, অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জাহিদুল হক ও বাংলাদেশ ব্যাংকের অর্থনৈতিক উপদেষ্টা হাবিবুল্লাহ বাহার।
বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমানসহ বেসরকারি খাতের আরও কয়েকজন প্রতিনিধি কর্মশালায় অংশ নিচ্ছেন।
বিশ্বমন্দার প্রভাব বাংলাদেশের অর্থনীতিতে এখনো খুব একটা পড়েনি মন্তব্য করে অর্থমন্ত্রী বলেন, "আমাদের ব্যালান্স অফ পেমেন্ট (বিওপি) পজিটিভ (উদ্বৃত্ত)। বেশ কিছু দিন ধরে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেশ ভালো অব
bdnews24