ঢাকা, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরিকল্পিতভাবে গুজব ছড়িয়ে বা অন্য কোন উপায়ে শেয়ারবাজারকে অস্থিতিশীল করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করে দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।
শনিবার পুঁজিবাজার সাংবাদিকদের জন্য আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ হুঁশিয়ারী উচ্চারণ করেন এসইসি র চেয়ারম্যান জিয়াউল হক খোন্দকার।
এসইসি চেয়ারম্যান বলেন, "সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কারণে আগামীতে বাজারে অনেক নতুন তহবিল আসবে। এছাড়া কয়েকশ' কোটি টাকার মিউচুয়াল ফান্ড বাজারে আসবে। এতে বাজারে শেয়ারের ভাল চাহিদা থাকবে।"
এসইসি একটি স্বচ্ছ, সুশাসিত ও সুশৃঙ্খল শেয়ারবাজার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর মন্তব্য করে চেয়ারম্যান বলেন, "মৌলভিত্তিসম্পন্ন ও যৌক্তিক লেনদেন বাড়লে এসইসি তাকে স্বাগত জানাবে। এ প্রক্রিয়ায় শেয়ার মূল্য এবং সূচক বাড়লেও তাতে উদ্বেগের কিছু নেই। তবে পরিকল্পিতভাবে গুজব ছড়িয়ে বা অন্য কোন উপায়ে শেয়ারবাজারকে অস্থিতিশীল করার চেষ্টা করা হলে এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।"
চেয়ারম্যান বলেন, বাজারের বর্ধিত চাহিদা পূরণে দ্রুত শেয়ার সরবরাহ বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। সরকারের হাতে থাকা লাভজনক কোম্পানিগুলোর শেয়ার বাজারে নিয়ে আসার জন্য জোরালো উদ্যোগ নেওয়া হচ্ছে।
শেয়ারবাজারের ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের অবস্থানকে 'ইতিবাচক' আখ্যা দিয়ে তিনি বলেন, শেয়ারবাজারের তারল্য সরবরাহ অনেকাংশে মুদ্রা নীতিমালার ওপর নির্ভরশীল। বাংলাদেশ ব্যাংকের মুদ্রা নীতিমালা বিনিয়োগবান্ধব। তাই এর সাম্প্রতিক ভূমিকা নিয়ে উদ্বেগের কিছু নেই। বরং ব্যাংকিং খাতে শৃঙ্খলা বাড়লে তা শেয়ারবাজারেও ইতিবাচক প্রভাব ফেলবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ডিএসই সভাপতি রকিবুর রহমান বলেন, "সরকারের নেওয়া বিভিন্ন ব্যবস্থা এবং এসইসি ও ডিএসইর নানামুখী উদ্যোগের ফলে শেয়ারবাজারে বিনিয়োগকারীর সংখ্যা ও তারল্য বাড়ায় লেনদেনও বাড়ছে। তারল্য অনুপাতে সরবরাহ না বাড়ায় শেয়ারের মূল্যও বেড়েছে কিছুটা। তাই লেনদেন ও সূচক বৃদ্ধিতে উদ্বেগের কিছু নেই। বরং বাজারে শেয়ার সরবরাহ বাড়িয়ে বিনিয়োগকারীদের এই আগ্রহকে ধরে রাখা উচিত।"
এ প্রসঙ্গে তিনি আরও বলেন, আগামী দিনে দেশের শেয়ারবাজারের ব্যাপ্তি ও গভীরতা অনেক বাড়বে।
ডিএসই সভাপতি আরও বলেন, লেনদেন ও সূচক বাড়লে তাতে উদ্বেগের কিছুই নেই। ভারত সরকার তার বাজেট ঘাটতি মেটাতে সরকারি শেয়ার বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে। ..ভারতে যেখানে সরকারই চায় বাজার আরও উর্ধগামী হোক, সেখানে আমাদের দেশে সূচক একটু বাড়লেই এত হৈচৈ করার বা উদ্বেগ ছড়ানোর কিছু নেই।
ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরাম (সিএমজেএফ) এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) যৌথভাবে দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করে।
এতে সভাপতিত্ব করেন সিএমজেএফের সভাপতি জিয়াউর রহমান।
ডিএসই'র সাবেক নির্বাহী পরিচালক সালাহ উদ্দিন আহমেদ খান, এসইসির নির্বাহী পরিচালক ফরহাদ আহমেদ এবং আবদুল হান্নান জোয়ারদার কর্মশালার পরিচালনা করেন।
বিভিন্ন জাতীয় দৈনিক ও টেলিভিশনের ৪০ জন সাংবাদিক এ কর্মশালায় অংশ নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসকে/২৩৫৫ঘ.
bdnews24