২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এবার রেকর্ড অঙ্কের কৃষি ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা

চলতি অর্থবছরে ব্যাংকগুলোর জন্য ১১ হাজার ৫০০ কোটি টাকার রেকর্ড পরিমাণ কৃষি ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। ঋণের জন্য নতুন নতুন উদ্ভাবনী খাতও তৈরি করে দেওয়া হয়েছে। গভর্নরের সঙ্গে কথা বলে বিস্তারিত জানাচ্ছেন আবদুর রহিম হারমাছি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2009, 01:49 PM

Updated : 26 Aug 2022, 11:44 AM

আবদুর রহিম হারমাছি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সিনিয়র প্রতিবেদক ঢাকা, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলতি ২০০৯-১০ অর্থবছরে ব্যাংকগুলোর জন্য ১১ হাজার ৫০০ কোটি টাকার রেকর্ড পরিমাণ কৃষি ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। ঋণের জন্য নতুন নতুন উদ্ভাবনী খাতও তৈরি করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। কৃষি উৎপাদন বাড়িয়ে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করার লক্ষ্যকে সামনে রেখেই এবার বিপুল অঙ্কের কৃষি ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আতিউর রহমান। সোমবার বিকেলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে কৃষি ও পল্লী ঋণ নীতিমালা এবং চলতি অর্থবছরের কৃষি ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ঘোষণা করা হবে। সদ্য সমাপ্ত ২০০৮-০৯ অর্থবছরে কৃষি ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ছিল ৯ হাজার ৩৮৯ কোটি টাকা। এর মধ্যে অর্থবছরের ১১ মাসে (জুলাই-মে) ৮ হাজার ৩৫০ কোটি ১১ লাখ টাকার ঋণ বিতরণ করা হয়েছে। গভর্নর বলেন, "এবার রাষ্ট্রায়ত্ত, বিশেষায়িত (কৃষি ব্যাংক ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক) এবং বেসরকারি ও বিদেশী ব্যাংকগুলোর জন্য সাড়ে ১১ হাজার কোটি টাকার কৃষি ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা বেঁধে দেওয়া হবে।" ব্যাংকগুলো ঠিকমতো কৃষি ঋণ বিতরণ করছে কিনা-তা কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে কঠোরভাবে মনিটর করা হবে বলে জানান আতিউর রহমান। কেন্দ্রীয় ব্যাংক প্রধান জানান, এবার যে 'কৃষি ও পল্লী ঋণ নীতিমালা' ঘোষণা করা হবে তাতে অনেক নতুন উদ্ভাবনী খাত সৃষ্টি করা হয়েছে। বর্গাচাষীদের জামানত ছাড়া ঋণ দিতে বলা হয়েছে। বিভিন্ন ধরনের মসলা চাষের জন্য কৃষকদের ঋণ দিতে বলা হয়েছে। এছাড়া এই প্রথমবারের মতো খাদ্য গুদাম নির্মাণকে কৃষি ঋণের আওতায় আনা হয়েছে। গুদামের অভাবকে সরকারের শস্য সংগ্রহ কর্মসূচির সফল বাস্তবায়নের অন্যতম বাঁধা বলে মনে করা হয়। গভর্নর বলেন, "কৃষকরা যাতে তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য দাম পায় সেজন্য দেশে পর্যাপ্ত গুদাম থাকা প্রয়োজন। কৃষক তার পণ্য গুদামে রাখবে। দাম বাড়লে বিক্রি করবে। এ বিষয়টি বিবেচনায় রেখেই এই প্রথমবারের মতো গুদাম নির্মাণ খাতে ঋণ দেওয়ার বিষয়টিকে কৃষি ঋণের আওতায় নিয়ে আসা হয়েছে।" তবে কৃষি ঋণের বাইরেও কোনো ব্যাংক ইচ্ছে করলে গুদাম নির্মাণের জন্য ঋণ দিতে পারবে বলে জানান তিনি। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ১১ জুন জাতীয় সংসদে যে বাজেট ঘোষণা করেছিলেন তাতে ২০০৯-১০ অর্থবছরে কৃষি ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ১০ হাজার কোটি টাকা ধরা হবে বলে জানিয়েছিলেন। বাংলাদেশ ব্যাংক লক্ষ্যমাত্রা তার চেয়ে দেড় হাজার কোটি টাকা বাড়িয়ে স্থির করেছে। আতিউর রহমান বলেন, "খাদ্যের বাইরেও আমরা অনেক কিছুতে আমদানি নির্ভর। যেমন-বিভিন্ন ধরনের মসলা আমদানিতে প্রচুর বৈদেশিক মুদ্রা চলে যায়। দেশে এ সব মসলা উৎপাদন বাড়াতেই নতুন নীতিমালায় এবার মসলা উৎপাদনে কৃষি ঋণ দিতে ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।" বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ ও স্পেশাল প্রোগ্রামস বিভাগের তথ্য অনুযায়ী, সরকারি মালিকানাধীন তিন বাণিজ্যিক ব্যাংক সোনালী, জনতা ও অগ্রণী ব্যাংক এবং দুটি বিশেষায়িত ব্যাংক বাংলাদেশ কৃষি ব্যাংক ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চলতি অর্থবছরে কৃষি ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৯ হাজার কোটি টাকার মতো। আর বেসরকারি ও বিদেশী ব্যাংকগুলোর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২ হাজার ৫০০ কোটি টাকা। ২০০৮-০৯ অর্থবছরে সোনালী, জনতা ও অগ্রণী ব্যাংক এবং দুটি বিশেষায়িত ব্যাংকের কৃষি ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ধরা ছিল ৭ হাজার ৭৭৯ কোটি ২৩ লাখ টাকা। বেসরকারি ও বিদেশী ব্যাংকগুলোর লক্ষ্যমাত্রা ছিল এক হাজার ৬০০ কোটি টাকা। গতবার কৃষি ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ঘোষণার সময় দেশী-বিদেশী সব ব্যাংকের জন্য কৃষি ঋণ বিতরণ বাধ্যতামূলক করে দেয় কেন্দ্রীয় ব্যাংক। যে সব বেসরকারি ব্যাংকের গ্রামাঞ্চলে শাখা নেই নতুন নীতিমালায় তাদের কৃষি ব্যাংক/রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক অথবা এনজিও'র মাধ্যমে ঋণ বিতরণ করতে নির্দেশনা দেওয়া হয়েছে বলে আতিউর রহমান জানান। গভর্নর জানান, প্রকৃত কৃষকরা যাতে হয়রানি ছাড়া সময়মতো কৃষি ঋণ পান সে ব্যাপারে কেন্দ্রীয় ব্যাংক থেকে কঠোর মনিটরের ব্যবস্থা করা হবে। একইসঙ্গে প্রত্যেক ব্যাংককে পৃথক মনিটরিং সেল গঠনের নির্দেশ দেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসকে/২১৩৫ঘ.