ঢাকা, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিরাপত্তার অজুহাতে ট্রানজিট নিয়ে বিতর্ক না করে বিনিয়োগ ও বাণিজ্যের স্বার্থে প্রতিবেশী দেশগুলোর জন্য ট্রানজিট সুবিধা উন্মুক্ত করে দেওয়া উচিৎ বলে অভিমত দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান।
বুধবার রাজধানীর হোটেল শেরাটনে 'ম্যানেজিং রিজিওনাল ইনটিগ্রেশন ইন সাউথ এশিয়া' শীর্ষক দুই দিনব্যাপী এক সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে গভর্নর এ অভিমত দেন।
তিনি বলেন, "দীর্ঘদিন ধরে ট্রানজিট ইস্যু নিয়ে বিতর্ক চলছে। এ ব্যাপারে আমার ব্যাক্তিগত অভিমত হলো প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ট্রানজিট ইস্যুটি রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে না দেখে বাণিজ্যিক ও অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখা উচিৎ।"
নিরাপত্তার অজুহাতে অযথা এ বিষয়টি নিয়ে বিতর্ক করা উচিৎ নয় বলেও মন্তব্য করেন তিনি।
গভর্নর বলেন, "আমাদের সবকিছুই বিনিয়োগ ও বাণিজ্যের স্বার্থে বিবেচনা করতে হবে। প্রতিবেশী দেশগুলোকে ট্রানজিট সুবিধা দিয়ে আমরা যদি অর্থনৈতিক দিক দিয়ে লাভবান হতে পারি অর্থ্যাৎ দেশে যদি বিনিয়োগ ও বাণিজ্য বাড়ে তাহলে এ বিষয়টি নিয়ে ইতিবাচকভাবে চিন্তা করা যেতে পারে।"
ট্রানজিট সুবিধা দেওয়া হলে দেশে বিনিয়োগ বাড়বে বলেও আশা প্রকাশ করেন গভর্নর।
তবে এটি তার 'একান্ত ব্যাক্তিগত' অভিমত বলে জানান তিনি।
সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সামেন) এবং কমনওয়েলথ সেক্রেটারিয়েট, ইউকে যৌথভাবে দুই দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করেছে।
মঙ্গলবার বাণিজ্যমন্ত্রী ফারুক খান এ সম্মেলনের উদ্বোধন করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এএল/এইচএ/২১৪৭ ঘ.
bdnews24