ঢাকা, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যোগাযোগ, পর্যটন ও তথ্য প্রযুক্তি খাতে বাংলাদেশকে সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।
বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানের মধ্যে আঞ্চলিক সহযোগিতা জোরদারের লক্ষ্যেই এ সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন এডিবির মহাপরিচালক কুনিও সেঙ্গা।
'সাউথ এশিয়ান সাব রিজিওনাল ইকোনমিক কো অপারেশন (সাসেক)'র আওতায় দক্ষিণ এশিয়ার এ চার দেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্য সুবিধা বৃদ্ধি চায় এডিবি।
মঙ্গলবার সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে বৈঠক করেন সফররত এডিবি মহাপরিচালক। আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতায় আসার পর এটাই বাংলাদেশে তার প্রথম সফর।
কুনিও সেঙ্গা জানান, সাসেকভুক্ত দেশগুলোর মধ্যে আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে তার সঙ্গে অর্থমন্ত্রীর আলোচনা হয়েছে।
তিনি বলেন, আন্তরিকভাবে চেষ্টা চালানো হলে এ দেশগুলোর ব্যাপক উন্নয়ন সম্ভব। এ কারণেই আমরা (এডিবি) যোগাযোগ (নৌ ও রেল), পর্যটন ও তথ্য প্রযুক্তি খাতের উন্নয়নে সহযোগিতার জন্য বাংলাদেশকে সুনির্দিষ্ট বিনিয়োগ প্রকল্প নেওয়ার পরামর্শ দিয়েছি।
এডিবি মহাপরিচালক বলেন, বাংলাদেশ এ বিষয়ে একটি গাইডলাইন তৈরি করতে পারে। সে অনুযায়ী আমরা বাংলাদেশকে সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছি। এছাড়া পদ্মা সেতু নির্মানে এডিবির সহায়তা দেওয়ার বিষয়টি আগেই জানিয়েছি।
এশিয়ান হাইওয়েতে যুক্ত হওয়ায় বাংলাদেশ উপকৃত হবে বলেও মনে করেন এডিবি মহাপরিচালক।
অর্থমন্ত্রী মুহিত সাংবাদিকদের বলেন, "এ চার দেশের মধ্যে আঞ্চলিক সহযোগিতা নিয়ে এডিবি মহাপরিচালকের সঙ্গে আলোচনা হয়েছে। এটি আমাদের একটি স্বপ্ন। যখন রাজনৈতিকভাবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে, তখনই এর চূড়ান্ত সুফল ভোগ করা যাবে। তবে সবকিছুই নির্ভর করছে রাজনৈতিক সিদ্ধান্তের ওপর।"
এ প্রসঙ্গে তিনি আরও বলেন, "বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালের ১৪ জানুয়ারি প্রথম সংবাদ সম্মেলনে বঙ্গবন্ধু জানিয়েছিলেন, বাংলাদেশ হবে এশিয়ার সুইজারল্যান্ড। আমরা সে স্বপ্ন এখনও দেখি। এটাকে সামনে রেখেই এগিয়ে যেতে চাই।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এফএফ/এমআই/১৫৪০ ঘ.
bdnews24