২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মালদ্বীপ থেকে এক লাখ ২০ হাজার টন ডিজেল কিনবে সরকার

মালদ্বীপ থেকে এক লাখ ২০ হাজার টন ডিজেল কিনবে সরকার। চলতি ২০০৯-১০ অর্থবছরের জুলাই-ডিসেম্বর সময়ের জন্য এ ডিজেল কেনা হবে। এছাড়া দেশে সারের মজুদ বাড়াতে কাফকো, বিসিআইসি (বাংলাদেশ রসায়ন শিল্প সংস্থা) এবং আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে প্রায় সাড়ে পাঁচ লাখ টন ইউরিয়া সার কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2009, 01:48 PM

Updated : 26 Aug 2022, 11:41 AM

ঢাকা, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মালদ্বীপ থেকে এক লাখ ২০ হাজার টন ডিজেল কিনবে সরকার। চলতি ২০০৯-১০ অর্থবছরের জুলাই-ডিসেম্বর সময়ের জন্য এ ডিজেল কেনা হবে। এছাড়া দেশে সারের মজুদ বাড়াতে কাফকো, বিসিআইসি (বাংলাদেশ রসায়ন শিল্প সংস্থা) এবং আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে প্রায় সাড়ে পাঁচ লাখ টন ইউরিয়া সার কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। রোববার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে বলে বৈঠকের পর মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব মতিয়ার রহমান সাংবাদিকদের জানান। মতিউর রহমান জানান, মজুদ বাড়াতে এ ডিজেল কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতি ব্যারেল ডিজেলের প্রিমিয়াম (পরিবহন খরচ) পড়বে ৫ দশমিক ১৫ মার্কিন ডলার। এছাড়া দেশে সারের মজুদ বাড়াতে তিন পর্যায়ে ইউরিয়া সার কেনা হবে জানিয়ে যুগ্ম সচিব বলেন, কাফকোর কাছ থেকে চার লাখ টন ইউরিয়া কেনা হবে। প্রতি টনের দাম পড়বে ২৯৭ দশমিক ২৫ ডলার। এছাড়া বিসিআইসি'র কাছ থেকে ২৮৬ দশমিক ৪৯ ডলার দরে কেনা হবে ৭৫ হাজার টন ইউরিয়া। আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে আরও ৬২ হাজার টন ইউরিয়া কেনা হবে। এর দাম পড়বে প্রতি টন ২৮৯ দশমিক ১৭ ডলার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসকে/১৯৫৭ঘ.