ঢাকা, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্যুৎ সঙ্কটকে দেশের উন্নয়নের পথে অন্যতম প্রধান অন্তরায় হিসেবে চিহ্নিত করে প্রবাসীদের এ খাতে বিনিয়োগ করতে এগিয়ে আসার আহ্বান জানালেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
অর্থমন্ত্রী শনিবার সন্ধ্যায় রাজধানীর শেরাটন হোটেলে 'প্রথম অনাবাসী বাংলাদেশী মানব সম্পদ উন্নয়ন ও সম্ভাবনা সম্মেলন-২০০৯' এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছিলেন।
বিদ্যুৎ সঙ্কট ছাড়া উন্নয়নের পথে যে আরেকটি অন্তরায়ের উল্লেখ করেন অর্থমন্ত্রী তা হচ্ছে অদক্ষ প্রশাসন।
তিনি বলেন, "দুটো জায়গায় আমাদের ভবিষ্যৎ আটকে আছে। আমাদেরকে পেছনে টেনে রাখছে। আর এই দুটো বিষয় হচ্ছে- অদক্ষ প্রশাসন এবং জ্বালানি সঙ্কট। বিশেষ করে বিদ্যুৎ সঙ্কট আমাদের উন্নয়নকে দারুণভাবে ব্যাহত করছে।"
মুহিত বলেন, "বিদু্যুৎ খাতে আমাদের ব্যাপক বিনিয়োগ প্রয়োজন। সরকারের একার পক্ষে এ বিনিয়োগ করা সম্ভব নয়। এক্ষেত্রে প্রবাসী বাংলাদেশী (এনআরবি) যারা যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে বিনিয়োগ করছেন তাদের এগিয়ে আসতে হবে।"
বিদ্যুৎ খাতে বিনিয়োগের ক্ষেত্রে প্রবাসী বাংলাদেশীদের সরকার সব ধরনের সুযোগ-সুবিধা দেবে বলে ঘোষণা দেন অর্থমন্ত্রী।
এ প্রসঙ্গে অর্থমন্ত্রী আরও বলেন, "বিবিয়ানা ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের জন্য খুব শিগগিরই দরপত্র আহ্বান করা হবে। কিন্তু বিদ্যুতের চাহিদা যেভাবে বাড়ছে তাতে এমন আরও কমপক্ষে পাঁচটি বিদ্যুৎ কেন্দ্র দেশে স্থাপন করা দরকার।"
এবারের বাজেটে ঘোষিত পিপিপি'র সুযোগ কাজে লাগিয়ে দেশী ও প্রবাসী বিনিয়োগকারীদের বিদ্যুৎ খাতে প্রচুর বিনিয়োগের আহ্বান জানান মন্ত্রী।
প্রশাসনের সমস্যা প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, "আমাদের প্রশাসনে দক্ষ জনবলের যথেষ্ট অভাব রয়েছে। এখানে ব্যাপক সংস্কারের প্রয়োজন। প্রশাসনিক কাঠামোয় পরিবর্তনের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া দরকার।"
সরকার এ বিষয়টি নিয়ে চিন্তাভাবনা করছে বলে জানান তিনি।
মন্দার মধ্যেও প্রবাসী বাংলাদেশীরা প্রচুর পরিমাণে রেমিটেন্স দেশে পাঠাচ্ছেন উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, "রেমিটেন্স প্রচুর আসছে ঠিক। কিন্তু এই রেমিটেন্স উৎপাদনশীল তথা ভালো খাতে বিনিয়োগ হচ্ছে না। এ বিষয়টি বিবেচনায় রেখেই সরকার প্রবাসীদের জন্য একটি ব্যাংক করার সিদ্ধান্ত নিয়েছে। প্রবাসীদের নিজেদের টাকাতেই এই ব্যাংক গড়ে উঠবে। তারাই ব্যাংকটি পরিচালনা করবে।"
দেশে ফিরে প্রবাসীরা যাতে বিমানবন্দরে কোনো ধরনের হয়রানির শিকার না হন সেজন্য ঢাকা, চট্রগ্রাম ও সিলেট বিমানবন্দরে মনিটরিং সেল গঠন করা হবে বলে জানান অর্থমন্ত্রী।
মুহিত বলেন, "বিশ্ব অর্থনীতির মন্দার কারণে যে সব প্রবাসী শ্রমিক দেশে ফিরে আসছে তাদের দেশে কর্মসংস্থানের সুযোগ করে দিতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।"
তিনি জানান, মন্দা মোকাবিলায় সরকারী টাস্কফোর্সের দ্বিতীয় বৈঠক আগামী কয়েক দিনের মধ্যে অনুষ্ঠিত হবে। ঐ বৈঠকে বিদেশ ফেরত শ্রমিকদের জন্য কি ধরনের প্রণোদনা দেওয়া যায় সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।
এখন থেকে ইপিজেড এর বদলে বড় বড় 'ইকনোমিক জোন' গড়ে তোলা হবে জানিয়ে অর্থমন্ত্রী সেখানে বিনিয়োগ করে দেশের অর্থনীতিতে অবদান রাখার জন্য প্রবাসীদের অনুরোধ জানান।
মুহিত বলেন, দুই-তিনটি উপজেলা নিয়ে এ ধরনের জোন গড়ে তোলা হবে।
স্কলার্স বাংলাদেশ তিনদিন ব্যাপী এ সম্মেলনের আয়োজন করে।
নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য হাফিজ জি এ সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান, জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বায়রার সভাপতি গোলাম মোস্তফা, পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হেলাল আবেদীন চৌধুরী, প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শাহ আলম সারোয়ার, স্কলার্স বাংলাদেশের চেয়ারম্যান এম ই চৌধুরী শামীম প্রমুখ।
সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে দেশের জনশক্তি রপ্তানির বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য চারটি ক্যাটাগরিতে চারটি প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসকে/২৩২৪ঘ.
bdnews24