২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাজেটের সঙ্গে সঙ্গতি রেখে মুদ্রানীতিতে পরিবর্তন

কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রানীতিতে পরিবর্তন আসছে। বাজেট বাস্তবায়নের লক্ষ্যেই এই পরিবর্তন আনা হচ্ছে বলে জানিয়েছেন গভর্নর আতিউর রহমান। একইসঙ্গে তিনি বলেছেন, নতুন মুদ্রানীতির লক্ষ্য হবে জিডিপি প্রবৃদ্ধি ধরে রাখা এবং বিনিয়োগ বাড়ানো। আগামী ১৫ জুলাইয়ের মধ্যে নতুন মুদ্রানীতি ঘোষণা করার কথা। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2009, 05:43 AM

Updated : 26 Aug 2022, 11:41 AM

আবদুর রহিম হারমাছি জ্যেষ্ঠ প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ঢাকা, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নতুন বাজেট (২০০৯-১০) বাস্তবায়নের বিষয়টিকে বিবেচনায় রেখে কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রানীতিতে পরিবর্তন আনা হবে বলে জানিয়েছেন গভর্নর আতিউর রহমান। তিনি বৃহস্পতিবার বলেছেন, "নতুন মুদ্রানীতির প্রধান লক্ষ্য হবে জিডিপি প্রবৃদ্ধি ধরে রাখা এবং তা উৎসাহিত করা। বিনিয়োগ বাড়ানোও হবে এর অন্যতম প্রধান উদ্দেশ্য।" বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর যুক্তরাজ্য থেকে ফিরে সকালে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের একথা বলেন। প্রতি অর্থবছরে দুই বার মুদ্রানীতি ঘোষণা করে কেন্দ্রীয় ব্যাংক। নতুন মুদ্রানীতি আগামী ১৫ জুলাইয়ের মধ্যে ঘোষণা করার কথা। গভর্নর বলেন, "বাজেট বাস্তবায়নে কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রানীতির ভূমিকা রয়েছে। এ জন্যই মুদ্রানীতিতে পরিবর্তন আনা হবে। "বর্তমান যে মুদ্রানীতি আছে সেটাকেই পরিবর্তন করে প্রবৃদ্ধি ও বিনিয়োগ সহায়ক নীতি প্রণয়ন করা হবে।" আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের প্রথম বাজেট বিষয়ে আতিউর বলেন, "নির্বাচনী ইশতেহারকে সামনে রেখে সরকার নতুন বাজেট দিয়েছে। এটি বাস্তবায়নই হবে সরকারের জন্য বড় চ্যালেঞ্জ।" গত মঙ্গলবার সংসদে ২০০৯-১০ অর্থবছরের বাজেট পাস হয়। বিনিয়োগের ক্ষেত্রে স্থবিরতা বিরাজ করা নিয়ে ব্যবসায়ী ও অর্থনীতিবিদদের বক্তব্যের বিষয়ে আতিউর সাংবাদিকদের বলেন, "এখন দেশে রাজনৈতিক অস্থিরতা নেই, আস্থারও কোনও সঙ্কট নেই। সামনের দিনগুলোতে বিনিয়োগ বাড়বে বলে আমি আশাবাদী।" বাজেটের ব্যাংক থেকে মোটা অঙ্কের ঋণ নেওয়ার সরকারের পরিকল্পনার বিষয়ে গভর্নর বলেন, "প্রত্যেক বছরই কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে সরকারের সমঝোতা হয়, যেন ব্যাংক ব্যবস্থা থেকে ঋণ গ্রহণ নির্দিষ্ট সীমার মধ্যে থাকে। এবারও একটি সমঝোতা হবে, যেন ঋণের সীমা অতিক্রম না হয়।" যুক্তরাজ্য প্রবাসীরা দেশে বিনিয়োগে আগ্রহী জানিয়ে আতিউর রহমান বলেন, "আমরা বিদেশি বিনিয়োগকারীদের দিকে চেয়ে থাকি। কিন্তু প্রবাসী যারা আছেন, তাদের সুযোগ-সুবিধা দিলে তারাও দেশে বিনিয়োগ করতে এগিয়ে আসবেন। বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনায় রাখা উচিত।" আতিউর রহমান গত শুক্রবার যুক্তরাজ্য সফরে যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এমআই/১১৩৯ ঘ.