সাতক্ষীরা, জুলাই ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-ভারতের ট্রাক চালকদের হাতে সিএন্ডএফ এজেন্ট আহত হওয়ার ঘটনায় বুধবার ভোমরা স্থল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ হয়ে গেছে।
ফলে দু'দেশের সীমান্তে শতশত মালবোঝাই ট্রাক আটকা পড়ে।
ভোমরা সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাজী নওশাদ দেলোয়ার রাজু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহাকুমায় একটি অফিসের সামনে ট্রাক রাখাকে কেন্দ্র করে দু'পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। থেমে থেমে দিনভর এই সংঘর্ষ চলাকালে ট্রাক চালকদের মারপিটে আহত হন ঘোজাডাঙ্গা সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি ভোলানাথ ঘোষ, সদস্য মোসলেম আলী, বিদ্যুত গাজী, প্রশান্ত ব্যানার্জীসহ পাঁচজন।
এ ঘটনার পরপরই ভারতের ঘোজাডাঙ্গা ও বাংলাদেশের ভোমরা স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ হয়ে যায়।
ঘোজাডাঙ্গা সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের বরাত দিয়ে তিনি আরও জানান, দিনভর সেখানকার ব্যবসায়ী ও রাজনৈতিক নেতারা একাধিক বৈঠক করলেও কোনো সমঝোতা হয়নি।
বৃহস্পতিবার সকাল ১০টায় আবার ঘোজাডাঙ্গায় স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতাদের মধ্যস্থতায় আলোচনায় বসার কথা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৪৫ ঘ.
bdnews24