ঢাকা, ২৯ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- পনেরশ' সিসির নিচের গাড়ি, দুই হাজার সিসির নিচের মাইক্রোবাস ও নিউজপ্রিন্টসহ কয়েকটি পণ্যের ওপর প্রস্তাবিত বাজেটে ধার্য শুল্ক কমানোর পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার বাজেট বক্তৃতায় অংশ নিয়ে অর্থমন্ত্রীকে এ পরামর্শ দেন।
তিনি মোটর সাইকেল ও কম দামের মোবাইল ফোন সেটের ওপরও প্রস্তাবিত শুল্ক কমাতে বলেছেন।
এ সময় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিদ সংসদে উপস্থিত ছিলেন।
২০০৯-১০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে নিউজপ্রিন্টের ওপর পাঁচ শতাংশ হারে শুল্ক আরোপ করার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন,"সংবাদপত্র পক্ষে লিখুক আর বিপক্ষে লিখুক, এটা এখন শিল্প হিসেবে গড়ে উঠেছে। এজন্য অর্থমন্ত্রীকে অনুরোধ করব এ হার পুনর্বিবেচনার জন্য।"
শেখ হাসিনা বলেন, "গাড়ি বিলাসবহুল কিন্তু যেসব গাড়ি মধ্যবিত্তরা ব্যবহার করে তাদের দিকে নজর রেখে আরোপিত শুল্ক পুনর্বিবেচনা করতে পারেন। তবে দামি গাড়ি নয়। ১৫০০ সিসির নিচে যেসব গাড়ি সেগুলোর শুল্ক কমান।"
মোটরসাইকেলের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী এর ওপর আরোপিত শুল্ক ছাড়ের অনুরোধ জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এসকে/২০৪৮ঘ.
bdnews24