ঢাকা, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে শনিবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে দেখা করেছেন পোশাক শিল্প মালিকদের দুই সংগঠন বিজিএমইএ এবং বিকেএমইএ নেতারা।
সংগঠন দুটি জানিয়েছে, মন্দা মোকাবেলায় বরাদ্দ বাড়ানোর আশ্বাস পেয়েছেন তারা। এছাড়া সমাপণী বক্তৃতায় পোশাক শিল্প খাতের জন্য সুস্পষ্ট ঘোষণা দেওয়ার প্রতিশ্র"তিও মিলেছে।
বিজিএমইএ (বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি) এবং বিকেএমইএ (বাংলাদেশ নিটওয়্যার রপ্তানিকারক সমিতি) প্রতিনিধিরা বনানীতে অর্থমন্ত্রীর বাড়িতে গিয়ে তার সঙ্গে দেখা করে।
বিকেএমইএ সভাপতি ফজলুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রস্তাবিত বাজেটে বিশ্বমন্দা মোকাবেলার জন্য পাঁচ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। অর্থমন্ত্রী আমাদের আশ্বাস দিয়েছেন- প্রয়োজনে এ বরাদ্দ আরও বাড়ানো হবে।"
তিনি বলেন, "অর্থমন্ত্রী আমাদের বলেছেন- সমাপণী বাজেট বক্তৃতায় মন্দা মোকাবিলায় তৈরি পোশাক শিল্পের কোন খাতের জন্য কী ধরনের সুবিধা থাকবে, তার একটি সুস্পষ্ট ঘোষণা তিনি দেবেন।"
বিজিএমইএ সভাপতি আব্দুস সালাম মুর্শেদী বলেন, "বাজেট পাসের আগে অর্থমন্ত্রীর সঙ্গে আমাদের বৈঠক খুবই ফলপ্রসু হয়েছে। তিনি জানিয়েছেন, পোশাক খাতে রপ্তানি বাড়াতে যা যা করা প্রয়োজন তা তিনি করবেন।"
বৈঠকে বিকেএমইএ'র পক্ষ থেকে বিশ্ব মন্দায় তৈরি পোশাক খাতে এর প্রভাবের বিষয়টি তুলে ধরা হয়।
ফজলুল হক বলেন, "আমরা অর্থমন্ত্রীকে বলেছি- মন্দার কারণে ছোট এবং মাঝারি কারখানাগুলো বেশি ক্ষতিগ্রস্ত হবে। আগামী ৬ মাসে এ অবস্থার কোন উন্নতি হবে না। প্রয়োজনীয় সহযোগিতা না পেলে অনেক কারখানা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
"এ অবস্থায় নগদ আর্থিক সহায়তার অর্থ ছাড় সংক্রান্ত নিয়মকানুন সহজ করা, মন্দা মোকাবেলায় গঠিত টাস্কফোর্সের মধ্যে পোশাক খাতের জন্য আলাদা ৪/৫ সদস্য বিশিষ্ট একটি সাব-কমিটি গঠনের জন্য অর্থমন্ত্রীকে অনুরোধ জানিয়েছি।"
এছাড়া রপ্তানির বিপরীতে উৎসাহ বোনাস প্রদানের জন্যও সমিতির পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে বলে জানান তিনি।
বিকেএমইএ সভাপতি জানান, অর্থমন্ত্রী তাদের বলেছেন- আগামী মাসে (জুলাই) টাস্কফোর্সের দ্বিতীয় বৈঠকে ঘোষিত প্যাকেজের রূপরেখা চূড়ান্ত করা হবে।
পাশাপাশি সহজশর্তে ঋণ পুণঃতফসিলীকরণের আশ্বাস দিয়েছেন বলেও জানান ফজলুল হক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এএল/এমআই/১৯০০ ঘ.
bdnews24