ঢাকা, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার ব্যবসায়ীদের জন্য সুদের হার কমানোর পরিকল্পনা করছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী ফারুক খান।
তিনি বলেন, "ব্যবসায়ীদের ব্যাংকিং সুবিধা দিতে সরকার সহযোগিতা করছে। তাদের জন্য সুদের হার কমানোর পরিকল্পনাও আমাদের রয়েছে।"
বৃহস্পতিবার সকালে বাংলাদেশ চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে তিন দিনব্যাপী তৃতীয় 'বাংলাদেশ বৈদ্যুতিক পণ্য মেলা' উদ্বোধনকালে তিনি একথা বলেন।
বাজেটে কাঁচামালের আমদানি শুল্ক কমানোর প্রস্তাবের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, "দেশীয় শিল্পকে বিকশিত করতেই শুল্ক কমানোর প্রস্তাব করা হয়েছে। আশা করছি ব্যবসায়ীরা এ সুযোগ কাজে লাগাবেন।"
বাংলাদেশ ইলেকট্রিক্যাল মার্চেন্ডাইজ ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (বিমা) এ মেলার আয়োজন করে।
বিমার সভাপতি নাসিম উল্লাহ হেমায়েতের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে এফবিসিসিআই সভাপতি আনিসুল হক বক্তব্য দেন।
মেলা চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত। এতে দেশের ৫০টির মতো বৈদ্যুতিক পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানের ৬০টি স্টল রয়েছে।
মেলায় সুইচ, সকেট, মালটি কর্ড, এলটি সুইচ গিয়ার, মেইন সুইচ, ক্যাবল্, ফ্যান, লাইট ফিটিংস, এনার্জি সেভিং বাল্ব, সেল বাল্ব, মিটার, সাব স্টেশন সংক্রান্ত যন্ত্রপাতিসহ বিভিন্ন বৈদ্যুতিক সামগ্রী স্থান পেয়েছে।
আয়োজকরা বলেন, এ ধরনের মেলার আয়োজন করলে বাজারের চাহিদা অনুযায়ী পণ্যের মান বৃদ্ধিতে উদ্যোক্তারা উৎসাহিত হন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এ আয়োজনে মিডিয়া পার্টনার হিসাবে রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএল/এসকে/২১২৭ঘ.
bdnews24