ঢাকা, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশের প্রথম ও বৃহত্তম বেসরকারি বিমান পরিবহন প্রতিষ্ঠান জিএমজি এয়ারলাইন্সের ৫০ ভাগ শেয়ার কিনে নিয়েছে বেক্সিমকো গ্র"প।
বেক্সিমকো এ সূত্রে যে নগদ অর্থ সরবরাহ করতে যাচ্ছে তাতে দুটি সুপরিসর উড়োজাহাজ কেনা সম্ভব হবে প্রতিষ্ঠানটির জন্য।
বুধবার বেক্সিমকো গ্র"প এ ঘোষণা দিয়েছে।
সমস্যাগ্রস্ত এ বিমান সংস্থাটির শেয়ার কেনার জন্য বেক্সিমকো ইতোমধ্যে ৩০ কোটি টাকা দিয়েছে এবং আর্থিক সঙ্কট কাটানোর জন্য আরো ৪০ কোটি টাকা দেওয়ার ঘোষণা দিয়েছে।
বেক্সিমকো গ্র"পের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা মনে করি বর্তমানে বিদেশি এয়ারলাইন্সগুলো ব্যবসা করছে এমন অনেক আকর্ষণীয় রুটে ফ্লাইট চালানোর মতো সম্ভাবনা জিএমজি এয়ারলাইন্সের রয়েছে। "
"এসব রুটে আমাদের ফ্লাইট চালাতে না পারার ব্যর্থতার কারণে প্রচুর বৈদেশিক মুদ্রা দেশের বাইরে চলে যাচ্ছে," বলেন তিনি।
বৈশ্বিক মন্দা এবং তেলের উচ্চমূল্যের কারণে সৃষ্ট আর্থিক দুরবস্থা কাটানোর জন্য জিএমজির প্রয়োজন ৭০ কোটি টাকা।
সালমান এফ রহমান বলেন, "জিএমজির বর্তমান মালিকরা ৫০ শতাংশ শেয়ার রেখে বেক্সিমকোর নামে ৩০ কোটি টাকার বিনিময়ে নতুন ৫০ শতাংশ শেয়ার ইস্যু করবে।"
বিমান সংস্থাটির আর্থিক অনটন কাটিয়ে উঠতে বাকী ৪০ কোটি টাকা দেবে বেক্সিমকো হোল্ডিংস।
জিএমজি বোয়িং ৭৬৭ মডেলের দুটি সুপরিসর উড়োজাহাজ কিনবে বলে জানান সালমান এফ রহমান।
১৯৯৮ সালের এপ্রিলে যাত্রা শুরু করা জিএমজি এয়ারলাইন্সের ছয়টি উড়োজাহাজ রয়েছে। এরমধ্যে দুটি অচল হয়ে বসে আছে যা বেক্সিমকোর টাকা দিয়ে সচল হবে।
জিএমজি বর্তমানে ঢাকা থেকে দুবাই, কুয়ালালামপুর, কাঠমাণ্ডু ব্যাংকক, করাচি ও কলকাতা এ কয়টি আন্তর্জাতিক রুটে ফ্লাইট চালাচ্ছে। এছাড়া অভ্যন্তরীণ রুটে ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট ও কক্সবাজারের মধ্যে জিএমজির বিমান চলাচল করে থাকে।
বিডিনিউজ টোযেন্টিফোর ডটকম/আরবি/এসকে/২০৫৮ঘ.
bdnews24