ঢাকা, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশ্ব অর্থনীতির চলমান মন্দা এবং ব্যাংক ও আর্থিক খাত বিষয়ক এক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে শনিবার রাতে ইন্দোনেশিয়া গেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান।
ব্যাংক ইন্দোনেশিয়া বার্ষিক আন্তর্জাতিক সম্মেলন- ২০০৯ শীর্ষক এই সম্মেলন অনুষ্ঠানের তারিখ ১৪ ও ১৫ জুন। অনুষ্ঠানস্থল ইন্দোনেশিয়ার বালি।
গভর্নরের প্রটোকল অফিসার এ এফ এম আসাদুজ্জামান রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
তিনি বলেন, ইন্দোনেশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের এ সম্মেলনে বিশ্ব অর্থনীতির চলমান মন্দা এবং ব্যাংক ও আর্থিক খাত নিয়ে আলোচনা হবে। এতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের গভর্নররা অংশ নেবেন।
বালিতে আন্তর্জাতিক সম্মেলন শেষ করে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) বার্ষিক সভায় যোগ দিতে শ্রীলংকা যাবেন আতিউর রহমান।
শ্রীলংকার রাজধানী কলম্বোয় ১৬ ও ১৭ জুন এ সভা অনুষ্ঠিত হবে।
১৮ জুন দুপুরে গভর্নরের দেশে ফেরার কথা রয়েছে বলে জানান আসাদুজ্জামান।
কেন্দ্রীয় গভর্নর হিসেবে দায়িত্ব নেওয়ার পর আতিউর রহমানের এটাই প্রথম বিদেশ সফর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এজে/ডিডি/০০২৫ ঘ.
bdnews24