২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাজেটে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৫.৫ থেকে ৬ শতাংশ

আগামী ২০০৯-১০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে অর্থনৈতিক প্রবৃদ্ধির (জিডিপি প্রবৃদ্ধি) লক্ষ্যমাত্রা ৫ দশমিক ৫ নয়, ৫ দশমিক ৫ থেকে ৬ শতাংশ ধরা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2009, 04:38 PM

Updated : 26 Aug 2022, 11:36 AM

ঢাকা, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী ২০০৯-১০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে অর্থনৈতিক প্রবৃদ্ধির (জিডিপি প্রবৃদ্ধি) লক্ষ্যমাত্রা ৫ দশমিক ৫ নয়, ৫ দশমিক ৫ থেকে ৬ শতাংশ ধরা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। শুক্রবার বাজেটোত্তর সংবাদ সম্মেলনের শুরুতেই তিনি তার বাজেট বক্তৃতার কয়েকটি সংশোধনীর কথা উল্লেখ করতে গিয়ে এ তথ্য জানান। বিকেলে রাজধানীর শেরে বাংলা নগরে এনইসি মিলনায়তনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। বৃহস্পতিবার বিকেলে প্রধান বিরোধীদল বিএনপি'র অনুপস্থিতিতে প্রস্তাবিত এ বাজেট সংসদে পেশ করেন অর্থমন্ত্রী। তিনি বলেন, "বাজেট বক্তৃতার ২৪ পৃষ্ঠায় ৮০ অনুচ্ছেদে আমি বলেছিলাম, বিশ্বমন্দার পেক্ষাপটে আগামী অর্থবছরে আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার হবে ৫ দশমিক ৫ থেকে ৬ শতাংশ। কিন্তু মিডিয়ায় এসেছে আগামী অর্থবছরে অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ধরা হয়েছে ৫ দশমিক ৫ শতাংশ। প্রকৃতপক্ষে এই হার হবে ৫ দশমিক ৫ থেকে ৬ শতাংশ। বাজেট বক্তৃতায় আমি এটাই পড়েছিলাম।" বৃহস্পতিবার সংসদ ভবন থেকে অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতার যে কপি সরবরাহ করা হয় তাতে বলা হয়েছে, বিশ্বমন্দার পেক্ষাপটে আগামী অর্থবছরে আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার হবে ৫ দশমিক ৫ শতাংশ। তবে পরবর্তী দুই অর্থবছরে এ প্রবৃদ্ধি আবার উর্ধ্বমুখিতা লাভ করবে। অন্য সংশোধনীগুলোর ব্যাপারে মুহিত বলেন, বাজেট বক্তৃতার ৭ পৃষ্ঠায় ২৪ অনুচ্ছেদে বলা হয়েছে, ২০০৯ সালের ৩ মে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৬ দশমিক ৫২ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। এখানে হবে ৬ দশমিক ৮৮ বিলিয়ন ডলার। ৮৪ পৃষ্ঠায় ৩২৪ অনুচ্ছেদে বলা হয়েছে, বিদ্যমান কর অবকাশ ব্যবস্থা যা ২০১২ সাল পর্যন্ত বলবৎ, তা আর প্রলম্বিত হবে না। এটি ২০১২ সাল নয়, ২০১১ সাল হবে। এছাড়া ৮২ পৃষ্ঠায় ৩২১ অনুচ্ছেদে বলা হয়, কোনো মোবাইল কোম্পানি তার পরিশোধিত মূলধনের ন্যূনতম ১০ শতাংশ শেয়ার স্টক এক্সচেঞ্জের মাধ্যমে হস্তান্তর করে পাবলিক ট্রেডেড কোম্পানি-তে রুপান্তরিত হলে সেক্ষেত্রে ৩৫ শতাংশ হারে কর আরোপের প্রস্তাব করা হয়েছে। অর্থমন্ত্রী বলেন, এখানে সংশোধনী হচ্ছে- ৩৫ শতাংশের স্থলে ৩৭ দশমিক ৫ শতাংশ হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এইচএ/২২৪৫ ঘ.