ঢাকা, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০০৯-১০ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটকে একইসঙ্গে উচ্চাভিলাষী এবং রক্ষণশীল বলে অভিহিত করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।
গবেষণা সংগঠনটি মনে করে, জিডিপি লক্ষ্যমাত্রা আরও বেশি ধরা যেত। অপ্রদর্শিত আয় বৈধ করার সুযোগ দেওয়ার সমালোচনাও করেছে সিপিডি।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বৃহস্পতিবার জাতীয় সংসদে ১ লাখ ১৩ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব করেছেন। প্রস্তাবিত বাজেটের আকার গত বছরের বাজেটের চেয়ে ১৫ শতাংশ বেশি। এতে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫ দশমিক ৫ শতাংশ।
বাজেট পর্যালোচনা করে শুক্রবার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায় সিপিডি।
প্রতিষ্ঠানের 'সম্মানিত ফেলো' ও সাবেক নির্বাহী পরিচালক দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, "নীতির দিক থেকে প্রস্তাবিত বাজেট 'উচ্চাভিলাষী', কিন্তু সামষ্টিক অর্থনৈতিক বিশ্লেষন করলে এটিকে 'রক্ষণশীল'ই মনে হচ্ছে।"
প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৫.৫ শতাংশকে 'আশ্চর্যজনক' উল্লেখ করে ড. দেবপ্রিয় বলেন, "অনেক বাধা বিপত্তির মধ্যেও গত বছর ৫ দশমিক ৯ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছিল। এবার নির্বাচিত সরকারের সময়ে পরিস্থিতির পরিবর্তন হয়েছে। এই অবস্থায় প্রবৃদ্ধির যে হার নির্দিষ্ট করা হয়েছে তা স্পষ্ট নয়। এটা আরও বেশি ধরা যেত।
"সে বিবেচনায় এ বাজেট উচ্চাভিলাষী তো নয়ই, বরং বাস্তবতার চেয়েও নিচে রয়েছে। এটা ইঙ্গিত করছে, দেশ পেছনের দিকে এগুচ্ছে।"
দেবপ্রিয় বলেন, "সরকারকে যে দুটি মূল চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে, তা হলো জনগণের প্রত্যাশা পূরণ এবং বৈশ্বিক অর্থনৈতিক মন্দা মোকাবেলা।"
নির্বাচনের সময় দেওয়া অঙ্গীকারের প্রতিফলন বাজেটে ঘটেছে বলে সিপিডির পর্যালোচনায় বলা হয়েছে।
সিপিডি বাজেট বাস্তবায়নে সরকারের ৫টি চ্যালেঞ্জের কথা বলেছে। এগুলো হলো- বিনিয়োগ বাড়ানো; কৃষির উন্নতি অব্যাহত রাখা; বৈদেশিক খাত রক্ষা; রাষ্ট্রীয় আর্থিক ব্যবস্থাপনা জোরদার করা এবং উন্নয়ন প্রচেষ্টাকে উজ্জ্বীবিত করা।
প্রস্তাবিত বাজেটে কিছু বিষয়ে নতুনত্ব খুঁজে পেয়েছে সিপিডি। এর মধ্যে রয়েছে- আর্থিক পরিকল্পনার ক্ষেত্রে কাঠামোগত সংস্কারের কথা উল্লেখ, মধ্যমেয়াদি পরিকল্পনা পুনরুজ্জীবন, জেলাভিত্তিক বাজেটের প্রস্তাব ইত্যাদি।
তবে বাজেটে বরাদ্দের ক্ষেত্রে কিছু জায়গায় স্বচ্ছতার অভাব রয়েছে বলে মনে করছে গবেষণা প্রতিষ্ঠানটি।
তারা মনে করছে, বাজেটে অর্থ বরাদ্দের দিক থেকে কৃষি উন্নয়ন এবং খাদ্য নিরাপত্তার অঙ্গীকারের বিষয়টি কম গুরুত্ব পেয়েছে।
দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, "গত ২০০৮-০৯ অর্থবছরের চেয়ে এবারের বাজেটে কৃষি এবং সংশ্লিষ্ট খাতে বরাদ্দ ১৪ শতাংশ কমেছে।"
বাজেটে শস্য, পশুসম্পদ, মৎস্য চাষ, বনায়ন, ভূমি ও পানি সম্পদ খাতে ৮ হাজার ৯৫০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। আর শিল্প ও অর্থনৈতিক খাতে সরকারি বরাদ্দ প্রায় ১৩ শতাংশ কমেছে।
দেবপ্রিয় বলেন, "মুদ্রা নীতি এবং বিনিয়োগ পরিস্থিতির মতো বিষয়গুলো গতানুগতিকভাবেই বাজেটে এসেছে।"
রাজস্ব আয় ও রাজস্ব ব্যয় সম্পর্কে তিনি বলেন, "সবচেয়ে চিন্তার বিষয় হলো, ঋণের দায় শোধ করতে সরকারি ব্যয়ের প্রায় ১৫ শতাংশ চলে যাবে।"
প্রতিবেশী দেশগুলোর তুলনায় জিডিপির ১৬ দশমিক ৬ শতাংশ সরকারি ব্যয়কে 'খুবই কম' বলে মনে করেন দেবপ্রিয়।
তিনি বলেন, "বাংলাদেশের মতো দেশ যেখানে প্রায় ৪০ শতাংশ জনগণ দরিদ্র, সেখানে এ ব্যয় আরো বেশি হওয়া উচিত।"
বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) রাখা ৩০ হাজার ৫০০ কোটি টাকা সম্পর্কেও একই মন্তব্য করেন তিনি। তিনি বলেন, "এডিপি খুব বেশি নয়। বাংলাদেশের জনগণের জন্য এর পরিমাণ আরও বেশি হওয়া উচিত ছিল।"
তবে প্রস্তাবিত এডিপির বাস্তবায়নও করতে সরকার পারবে কিনা, তা নিয়ে সংশয় রয়েছে সিপিডির।
প্রতিষ্ঠানটি বলছে, আগামী অর্থবছরের এডিপিতে যে ৮৮৬টি প্রকল্প ধরা হয়েছে তার মধ্যে মাত্র ৩৫টি হলো নতুন এবং বাকিগুলো আগের বছরের।
দেবপ্রিয় বলেন, "আগেরগুলো বাদ দিলে নতুন প্রকল্পগুলোর জন্য ২৬ হাজার ৮৯৫ কোটি টাকা লাগবে।"
৩৪ হাজার ৩৫৮ কোটি টাকার বাজেট ঘাটতির বিষয়ে তিনি বলেন, "এ ঘাটতি পূরণের জন্য সরকারের উচিত বৈদেশিক উৎসের দিকে নজর দিয়ে অভ্যন্তরীণ উৎসের ওপর চাপ কমানো।
"তা না হলে করা না হলে বেসরকারি খাতে বিনিয়োগ কমে যেতে পারে।"
মোবাইল ফোন সেটের ওপর ২৫ শতাংশ কর আরোপের সমালোচনা করে দেবপ্রিয় বলেন, "এখন বিদেশ থেকে ফেরার সময় সবাই পকেটে করে সেট নিয়ে আসবে।"
অপ্রদর্শিত অর্থ বৈধ করার সুযোগের সমালোচনা করে তিনি বলেন, "এ উদ্যোগ বৈধ ও অবৈধভাবে অর্জিত অপ্রদর্শিত আয়ের মধ্যে পার্থক্য কমিয়ে দেবে। পরিস্থিতি এমন হবে যে আপনি সৎ হলে ২৫ শতাংশ কর দিতে হবে। আর কালো টাকার মালিক হলে মাত্র ১০ শতাংশ কর দিতে হবে।"
অর্থমন্ত্রী আগামী ২০০৯-১০ অর্থবছরের বাজেটে ১০ শতাংশ হারে কর দিয়ে তৈরি পোশাক, কৃষি প্রক্রিয়াকরণ শিল্প, টেক্সটাইল, স্পিনিং, ওষুধ ও চামড়াজাত পণ্যসহ মোট ৪২টি খাতে বিনিয়োগের ক্ষেত্রে অপ্রদর্শিত অর্থ বৈধ করার সুযোগ দেওয়ার প্রস্তাব করেছেন। এর আগে বছরওয়ারি ভিত্তিতে এ ধরনের সুযোগ দেওয়া হতো।
সিপিডির পর্যালোচনায় বলা হয়, যেসব শিল্প কারখানা মুনাফা পাচ্ছে তার সংখ্যা অনেক বেশি এবং এ তালিকায় অবকাঠামো, কৃষি-প্রক্রিয়াজাতকরণ এবং পুঁজি বাজারের মতো খাতকে অন্তর্ভুক্ত করা উচিত।
সরকারি বেসরকারি অংশীদারিত্বের (পিপিপি) বিষয়ে সিপিডি আইনি কাঠামোর প্রয়োজনীয়তার বিষয়ে জোর দিয়েছে। পাশাপাশি বিদেশি বিনিয়োগও এক্ষেত্রে বিবেচনা করা যায় কি না, তা ভাবার প্রস্তাব দিয়েছে প্রতিষ্ঠানটি।
প্রস্তাবিত বাজেট বাস্তবায়নে সম্পদের সম্ভাব্যতা কোনও ধরনের চ্যালেঞ্জ নয়- এ মন্তব্য করে দেবপ্রিয় বলেন, "উন্নয়ন প্রশাসনের সার্বিক দক্ষকার জন্য প্রাতিষ্ঠানিক সংস্কার খুবই জরুরি।"
মহাখালীর ব্র্যাক সেন্টারে অনুষ্ঠিত ওই সভায় সিপিডির নির্বাহী পরিচালক মুস্তাফিজুর রহমানও ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/এফএফ/এমআই/১৬৩২ ঘ.
bdnews24