ঢাকা, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রস্তাবিত বাজেটে বৃহস্পতিবার অর্থমন্ত্রী বলেছেন, ২০১২ সালের পর দেশে আর কোনো কর অবকাশ সুবিধা থাকবে না। ঐ সময়ের পর সব শিল্প প্রতিষ্ঠানকেই কিছু না কিছু কর দিতেই হবে।
কর অবকাশ সুবিধা কর দেওয়ার সংস্কৃতিকে বাধাগ্রস্ত করছে বলে মন্তব্য করেন তিনি।
এ সুবিধার অপব্যবহার করার অভিযোগ তুলে গত কিছুদিন ধরেই অর্থমন্ত্রী এরকম ইঙ্গিত দিয়ে আসছিলেন।
বাজেট বক্ততায় অর্থমন্ত্রী বলেন, "দেশের শিল্পায়ন, বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং বিভিন্ন খাতের সুষ্ঠু বিকাশের লক্ষ্যে হ্রাসকৃত হারে কর পরিশোধের সুযোগ প্রদানকে যুগোপযোগী মনে করছি। তাছাড়া কর অবকাশ সুবিধা কর প্রদানের সংস্কৃতিকে বাধাগ্রস্ত করছে। এ কারণে বিদ্যমান কর অবকাশ ব্যবস্থা যা ২০১২ সাল পর্যন্ত বলবৎ আছে, তা আর বাড়ানো (প্রলম্বিত) হবে না।"
এ প্রসঙ্গে তিনি আরও বলেন, "এর পাশাপাশি হ্রাসকৃত হারে কর পরিশোধের সুযোগ প্রদানকে সমীচিন মনে করছি। এই ব্যাবস্থার আওতায় কিছু খাতে হ্রাসকৃত হারে কর পরিশোধের সুযোগ প্রদানের প্রস্তাব করছি। এই সুযোগটি নির্দিষ্ট এলাকা বিশেষে ভিন্ন হারে দিতে হবে।"
অর্থমন্ত্রীর বক্তব্য অনুযায়ী ঢাকা বিভাগ ও চট্টগ্রাম বিভাগের (রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি পার্বত্য জেলা ব্যতীত) প্রতিষ্ঠিত শিল্পের ক্ষেত্রে প্রথম ও দ্বিতীয় বছর ৫ শতাংশ হারে, তৃতীয় ও চতুর্থ বছর ১০ শতাংশ হারে এবং পঞ্চম বছর ৫ শতাংশ হারে কর পরিশোধের সুযোগ প্রদানের প্রস্তাব করা হয়েছে।
রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি পার্বত্য জেলায় প্রতিষ্ঠিত শিল্পের ক্ষেত্রে প্রথম, দ্বিতীয়, তৃতীয় বছর ৫ শতাংশ হারে, চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ বছর ১০ শতাংশ হারে এবং সপ্তম বছর ১৫ শতাংশ হারে কর পরিশোধের সুযোগ প্রদানের প্রস্তাব করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফার ডটকম/এআরএইচ/জিএমএ/এসকে/২১০৬ঘ.
bdnews24