আবদুর রহিম হারমাছি
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সিনিয়র প্রতিবেদক
ঢাকা, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বৈশ্বিক অর্থনৈতিক মন্দা মোকাবেলা এবং আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের নির্বাচনী প্রতিশ্র"তি পূরণকে সামনে রেখে বৃহস্পতিবার সরকারের প্রথম বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
ইতোমধ্যে প্রাক-বাজেট আলোচনাসহ বিভিন্ন সভা-সেমিনারে অর্থমন্ত্রী ২০০৯-১০ অর্থবছরের বাজেটের নানা তথ্য উপস্থাপন করেছেন।
তার বক্তব্য অনুযায়ী, এবারের বাজেটের মোট আকার হবে সোয়া লাখ কোটি টাকার মতো। এরমধ্যে সরকারের রাজস্ব ব্যয়ের পরিমাণ থাকবে ৮২ হাজার কোটি টাকার কিছু বেশি।
ইতোমধ্যে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) বৈঠকে ৩০ হাজার ৫০০ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (উন্নয়ন ব্যয়-এডিপি) চূড়ান্ত হয়েছে।
এবার বাজেট পূর্ববর্তী আলোচনায় সবচেয়ে বেশি আলোচিত হয়েছে 'সরকারি- বেসরকারি খাতের অংশীদারিত্ব (পিপিপি): নব উদ্যম বিনিয়োগ প্রয়াস' নামে বাজেটের একটি নতুন খাত। এ খাতে থোক বরাদ্দ রাখা হচ্ছে দুই হাজার ২০০ কোটি টাকা।
এছাড়া বাজেটে সবমিলিয়ে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হবে ৮৫ হাজার কোটি টাকার মতো ।
এর আগে ২০০৮-০৯ অর্থবছরের বাজেটের আকার ছিল ৯৯ হাজার ৯৬২ কোটি টাকা। এরমধ্যে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৬৯ হাজার ৩৮২ কোটি টাকা। এতে এডিপি'র আকার ছিল ২৫ হাজার ৬০০ কোটি টাকা। তবে বাস্তবায়ন আশানুরূপ না হওয়ায় বিগত তত্ত্বাবধায়ক সরকারের মূল এডিপি থেকে দুই হাজার ৬০০ কোটি টাকা কাঁটছাট করে সংশোধিত এডিপি ২৩ হাজার কোটি টাকায় নামিয়ে আনা হয়।
নতুন বাজেট সম্পর্কে মঙ্গলবার রাতে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এবারের বাজেটের মূল লক্ষ্য হবে আমাদের সরকারের নির্বাচনী ইশতেহারের মাধ্যমে দেশের মানুষকে দেওয়া প্রতিশ্র"তি বাস্তবায়ন এবং বিশ্ব অর্থনীতির চলমান মহামন্দা মোকাবেলা করা।"
বাজেটের আকার কতো হবে- এ প্রশ্নে অর্থমন্ত্রী সরাসরি উত্তর না দিয়ে বলেন, "অবশ্যই এক লাখ কোটি টাকার ওপরে হবে। মিডিয়ায় যে এক লাখ ১৪ হাজার ১৫ কোটি টাকার কথা বলা হচ্ছে সে রকমই হবে।"
একাধিক প্রাক-বাজেট আলোচনায় অর্থমন্ত্রী নতুন বাজেট উচ্চাভিলাসী হওয়ার ইঙ্গিত দিয়েছেন। তবে সোয়া লাখ কোটি টাকার বাজেট অস্বাভাবিক নয় বলেই তার অভিমত তার।
আবুল মুহিতের মতে, প্রতিবারই বাজেটের আকার বাড়ে; চলতি বাজেট ছিল প্রায় এক লাখ কোটি টাকার। এবার তা বেড়ে এক লাখ ১৫ হাজার কোটি টাকা হওয়া মোটেই অস্বাভাবিক নয়।
অর্থমন্ত্রী বার বার আশ্বাস দিয়েছেন- নতুন বাজেটে কোনো অবস্থায়ই জনগণের ওপর নতুন করে করের বোঝা চাপানো হবে না। তবে করের আওতা ব্যাপকভাবে বাড়ানো হবে।
কেউ যাতে কর ফাঁকি দিতে না পারে সেজন্য কর আদায় ব্যবস্থা জোরদার করা হবে বলেও জানিয়েছেন তিনি।
নাম প্রকাশ না করার শর্তে এনবিআরের এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নতুন বাজেটে দেশে করদাতার সংখ্যা সাত লাখ থেকে বাড়িয়ে দশ লাখ করার একটা ঘোষণা থাকবে।
অর্থমন্ত্রীও এমন ইঙ্গিত দিয়েছিলেন।
বর্তমানে দেশে টিআইএনধারী (কর সনাক্তকরণ নম্বর) করদাতার সংখ্যা ২২ লাখের বেশি। কিন্তু এদের মধ্যেও কর দেন মাত্র সাত লাখ।
২০০৯-১০ অর্থবছরের বাজেটে বয়স্ক, মুক্তিযোদ্ধা, বিধবা ভাতাসহ সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় সব ধরনের ভাতার পরিমাণ ও সুবিধাভোগীর সংখ্যা উভয়ই বাড়ানো হবে। নির্বাচনী প্রতিশ্র"তি পূরণের বিষয়টি বিবেচনায় রেখেই নতুন বাজেটে এ উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান অর্থমন্ত্রী।
পিপিপি-র পরিচালনা বেসরকারি ব্যবস্থাপনায়
বাজেটে নতুন যুক্ত হতে যাওয়া খাত সরকারি-বেসরকারি অংশীদারিত্ব (পিপিপি) পরিচালনার জন্য আলাদা নিয়ন্ত্রক সংস্থা গঠন করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। পিপিপি খাতে দুই হাজার ২০০ কোটি টাকার বরাদ্দ রাখা হচ্ছে। ছয়টি প্রকল্প বাস্তবায়নে এ অর্থ খরচ করা হবে। এরমধ্যে পাঁচটির সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে এক হাজার ১০৫ কোটি ডলার বা ৭৬ হাজার ২৪৫ কোটি টাকা। প্রকল্পগুলোর মধ্যে চারটি ঢাকায়, একটি চট্টগ্রামে এবং একটি প্রকল্প উপকূলীয় এলাকায় বাস্তবায়িত হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এএল/এসকে/২২১৬ঘ.
bdnews24