ঢাকা, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের বৃহস্পতিবারের বাজেট বক্তৃতা পর্যালোচনায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিশেষ ব্যবস্থা করেছে বিএনপি।
এজন্য সেখানে বড় পর্দার টিভির ব্যবস্থা করা হয়েছে।
খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান জানান, টিভির বড় পর্দায় অর্থমন্ত্রীর বক্তব্য শুনে এর পর্যালোচনা করে দলের জ্যেষ্ঠ নেতারা প্রতিক্রিয়া জানাবেন।
তিনি বলেন, "এই প্রথমবারের মতো বিএনপি সরকারের বাজেট দেখে তা বিশ্লেষণ করে প্রতিক্রিয়া জানানোর ব্যবস্থা নিয়েছে। অর্থমন্ত্রীর বাজেট বক্তব্যের সময়েই এই অনুষ্ঠানটি শুরু হবে।"
বাজেট দেখে পর্যালোচনা করতে এসময় দলের স্থায়ী কমিটির সদস্যসহ কেন্দ্রীয় নেতা ও সাংসদ, ব্যবসায়িক সংগঠনের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিরা সেখানে থাকবেন বলে জানান মারুফ কামাল খান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/এসকে/২০০৫ঘ.
bdnews24