২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আগামী বছরে জিডিপি প্রবৃদ্ধি কমবে না: গভর্নর

বিশ্ব অর্থনীতিতে চলমান মন্দার কারণে আগামী ২০০৯-১০ অর্থবছরে জিডিপি (মোট দেশীয় উৎপাদন) প্রবৃদ্ধি কমবে না বলে মনে করছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান। একই সঙ্গে তিনি বলেন, চলতি বছরেই 'অটোমেটিক পেমেন্ট সিস্টেম' চালু করা হবে। এর ফলে এক ব্যাংকের চেক আরেক ব্যাংকে জমা দিয়ে তিন/চার দিন অপেক্ষা করতে হবে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2009, 05:32 PM

Updated : 26 Aug 2022, 11:34 AM

ঢাকা, জুন ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশ্ব অর্থনীতিতে চলমান মন্দার কারণে আগামী ২০০৯-১০ অর্থবছরে জিডিপি (মোট দেশীয় উৎপাদন) প্রবৃদ্ধি কমবে না বলে মনে করছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান। একই সঙ্গে তিনি বলেন, চলতি বছরেই 'অটোমেটিক পেমেন্ট সিস্টেম' চালু করা হবে। এর ফলে এক ব্যাংকের চেক আরেক ব্যাংকে জমা দিয়ে তিন/চার দিন অপেক্ষা করতে হবে না। জাতীয় প্রেসক্লাবে সোমবার অর্থনৈতিক রিপোর্টারদের সংগঠন ইকনোমিক রিপোর্টার্স ফোরাম (্ইআরএফ) আয়োজিত 'বাজেট রিপোর্টিং' বিষয়ক এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। মন্দার কারণে আগামী অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি কম হবে বলে বিশ্বব্যাংক, এডিবি'র পূর্বাভাসের ব্যাপারে গভর্নরের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, "যে যাই বলুক না কেন আমি মনে করি আগামী অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি কোনো অবস্থাতেই কম হবে না। চলতি ২০০৮-০৯ অর্থবছরে ৫ দশমিক ৯ শতাংশ হারে প্রবৃদ্ধি অর্জিত হবে বলে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) তথ্য দিয়েছে। আগামী অর্থবছরেও প্রবৃদ্ধি এ রকমই হবে। এর চেয়ে কম হবে না।" এ প্রসঙ্গে তিনি আরো বলেন, "বিশ্বমন্দার প্রভাব এখন পর্যন্ত আমাদের অর্থনীতিতে তেমন একটা পড়েনি। প্রবাসীদের পাঠানো রেমিটেন্স বাড়ছেই। রপ্তানি আয়েও প্রবৃদ্ধি বজায় রয়েছে।" "কেন্দ্রীয় ব্যাংকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৬ দশমিক ৭ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে, যা অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি। বিশ্ব পরিস্থিতি পর্যবেক্ষণ করে যা মনে হচ্ছে তাতে মন্দা কমে আসবে", বলেন তিনি। আতিউর রহমান বলেন, "এ ছাড়া আমাদের কৃষি খাতে যে 'জাগরণ' শুরু হয়েছে তাতে আমার মনে হয় মন্দার প্রভাব কিছুটা পড়লেও প্রবৃদ্ধি চলতি অর্থবছরের চেয়ে কম হবে না।" গত ২০০৭-০৮ অর্থবছরে ৬ দশমিক ২ শতাংশ হারে প্রবৃদ্ধি অর্জিত হয়েছিল। ব্যাংকিং খাতে 'অটোমেটিক পেমেন্ট সিস্টেম' চালু প্রসঙ্গে আতিউর রহমান বলেন, "কয়েকদিনের মধ্যে পরীক্ষামূলকভাবে এ পদ্ধতি চালু করা হবে। এছাড়া আনুষ্ঠানিকভাবেও এ পদ্ধতি চলতি বছরেই চালু করা হবে। এ জন্য কেন্দ্রীয় ব্যাংক উন্নত দেশগুলোর চেয়েও আধুনিক প্রযুক্তি ব্যবহার করছে।" এ পদ্ধতির ইতিবাচক দিক তুলে ধরে তিনি বলেন, বর্তমানে এক ব্যাংকের চেক আরেক ব্যাংকে জমা দিয়ে তিন/চার দিন অপেক্ষা করতে হয়। অটোমেটিক পেমেন্ট সিস্টেম চালু করা হলে সঙ্গে সঙ্গে এক ব্যাংকের চেক আরেক ব্যাংকে জমা হবে। গ্রাহকও সঙ্গে সঙ্গে টাকা তুলতে পারবে। গভর্নর বলেন, বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরোকে (সিআইবি) ইন্টারনেটের আওতায় আনা হবে, যাতে উদ্যোক্তাদের ঋণ পেতে দেরি না হয়। এ প্রসঙ্গে আতিউর রহমান বলেন, সিআইবিতে হালনাগাদ তথ্য না থাকার কারণে একজন উদ্যোক্তার ঋণ পেতে দেরি হয়। একজন উদ্যোক্তা কোনো ব্যাংকে ঋণের জন্য আবেদন করলে ওই ব্যাংক থেকে সিআইবিতে তথ্য চাওয়া হয়। যদি ওই উদ্যোক্তা খেলাপি হন তাহলে তাকে আর নতুন করে ঋণ দেয়া হয় না বলে উল্লেখ করে তিনি বলেন, এ কাজটি সম্পন্ন হতে ১৫ থেকে ২০ দিন চলে যায়। গ্রাহক যাতে ঘরে বসেই সিআইবি রিপোর্ট পায় সে ব্যবস্থা নিশ্চিত করতেই ইনফরমেশন ব্যুরোকে ইন্টারনেটের আওতায় আনা হচ্ছে বলে জানান তিনি। গভর্নর বলেন, বিশ্বমন্দার বিষয়টি বিবেচনায় রেখে কেন্দ্রীয় ব্যাংকে একটি 'ঝুঁকি ব্যবস্থাপনা ইউনিট' খোলা হবে। সব ব্যাংকেই এ ইউনিট খোলার জন্য কেন্দ্রীয় ব্যাংক থেকে নির্দেশনা দেওয়া হবে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/টিআর/২২২৪ ঘ.