ঢাকা, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাজেট ব্যবস্থাপনা সংক্রান্ত একটি নতুন বিল পাসের সুপারিশ করেছে অর্থ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি। 'সরকারি অর্থ ও বাজেট ব্যবস্থাপনা বিল- ২০০৯' শীর্ষক খসড়া এ বিল পাস হলে তিন মাস অন্তর একবার করে অর্থমন্ত্রীকে বাজেট বাস্তবায়ন সম্পর্কে সংসদকে অবহিত করতে হবে।
কমিটির রোববারের বৈঠকে এ সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন এর সভাপতি আ হ ম মুস্তাফা কামাল।
বৈঠক শেষে সাংবাদিকদের তিনি জানান, বিলটি পাস হলে অর্থমন্ত্রী এক বছরের বাজেট প্রস্তাব করার পাশাপাশি পরবর্তী দুই অর্থবছরের বাজেট সম্পর্কে সংসদকে ধারণা দেবেন। এ নিয়ে বিলটিতে একটি ধারাও থাকবে।
কামাল বলেন, "বাজেট বাস্তবায়ন পর্যালোচনার জন্য এই প্রথম আমরা এ ধরনের একটি ধারা করতে যাচ্ছি। বিলটি এই বাজেট অধিবেশনে উত্থাপিত ও পাস হবে।"
তিনি বলেন, "বিলটি অনুসারে তিন মাস অন্তর অর্থমন্ত্রীকে বাজেট বাস্তবায়ন সম্পর্কে সংসদকে জানাতে হবে।"
সংবিধান পরিপন্থী হয় কিনা তা যাচাই-বাছাইয়ের জন্য অর্থমন্ত্রণালয় খসড়া এ বিলটি আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে বলেও জানান তিনি।
এর আগে বিগত সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় এ ধরনের একটি অধ্যাদেশ জারি হয়েছিল।
এরপর নতুন সরকার ক্ষমতা গ্রহণের পর গত ২৫ জানুয়ারি তা সংসদে উত্থাপিত হয়। তবে সরকার তখন তা পাস না করার সিদ্ধান্ত নেয়।
আগামী ১১ জুন সংসদে নতুন অর্থবছরের বাজেট পেশ হওয়ার কথা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এজে/এইচএ/১৬০০ ঘ.
bdnews24