ঢাকা, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী ২০০৯-১০ অর্থবছর বাংলাদেশের জন্য কঠিন বছর হবে বলে মনে করে উন্নয়ন সংস্থা এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।
অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতও কিছুদিন ধরেই এরকম সাবধানতা উচ্চারণ করে আসছেন।
এডিবির মতে নির্বাচিত সরকারের প্রথম বাজেটও কঠিন বাজেট হবে।
বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে তৈরি এডিবি'র ত্রৈমাসিক (জানুয়ারি-মার্চ) প্রতিবেদনে এ পূর্বাভাস দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর শেরে বাংলা নগরে এডিবি ঢাকা অফিসে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ প্রতিবেদন প্রকাশ করা হয়।
সংবাদ সম্মেলনে প্রতিবেদনের বিভিন্ন দিক তুলে ধরেন এডিবি আবাসিক প্রতিনিধি পল হেইটেনস ও কান্ট্রি প্রোগ্রামিং বিভাগের প্রধান অর্থনীতিবিদ এম জাহিদ হোসেন।
আগামী বাজেট 'কঠিন' হওয়ার কারণ সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাহিদ হোসেন সরকারের প্রথম বাজেটের ওপর সাধারণ মানুষের উচ্চমাত্রার প্রত্যাশা,নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের চাপ, মন্দার দ্বিতীয় পর্যায়ের প্রভাব ও সরকারের রাজস্ব আদায় কম হওয়ার আশঙ্কা ইত্যাদি বিষয় চিহ্নিত করেন।
পল হেইটেনস বলেন, বিশ্বমন্দার প্রভাব তুলনামূলকভাবে বাংলাদেশে কম পড়েছে। কিন্তু আগামীতে যে মন্দার প্রভাব বাংলাদেশে পড়বে না তা নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। এখন পর্যন্ত যে পূর্বাভাস পাওয়া যাচ্ছে তাতে ধারণা করা হচ্ছে আগামী অর্থবছরে বাংলাদেশে বিশ্বমন্দার প্রভাব বেশ ভালোভাবেই পড়বে। বিশেষ করে রপ্তানি আয় ও রেমিটেন্স প্রবাহ কমে যেতে পারে। তিনি এ কারণে বাংলাদেশকে সতর্কতার সঙ্গে বিশ্ব পরিস্থিতি পর্যবেক্ষণের পরামর্শ দেন।
বিশ্বমন্দা মোকাবিলায় বাংলাদেশ সরকার যে সাড়ে তিন হাজার কোটি টাকার 'প্রণোদনা প্যাকেজ' ঘোষণা করেছে তা ইতিবাচক ফল দেবে বলে মত দেন তিনি।
বিভিন্ন প্রাক-বাজেট আলোচনায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতও আগামী ২০০৯-১০ অর্থবছর খুবই কঠিন বছর হবে বলে মন্তব্য করেছেন।
এডিবি আগের দুটি হালনাগাদ প্রতিবেদনে (জুলাই-সেপ্টেম্বর ও অক্টোবর-ডিসেম্বর) চলতি ২০০৮-০৯ অর্থবছরে বাংলাদেশে জিডিপি প্রবৃদ্ধি ৫ দশমিক ৫ শতাংশের বেশি হবে না বলে পূর্বাভাস দিয়েছিল। কিন্তু এবারের প্রতিবেদনে জিডিপি প্রবৃদ্ধি নিয়ে কোনো তথ্য উপস্থাপন করা হয়নি।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) উদ্ধৃৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, বিবিএস বলেছে চলতি অর্থবছরে বাংলাদেশে জিডিপি প্রবৃদ্ধি ৫ দশমিক ৯ শতাংশ হবে।
২০০৭-০৮ অর্থবছরে ৬ দশমিক ২ প্রবৃদ্ধি অর্জিত হয়েছিল।
এডিবি'র পূর্বাভাসের চেয়ে চলতি অর্থবছরে বিবিএস বাংলাদেশে জিডিপি প্রবৃদ্ধি কেন বেশি হবে বলছে-এ প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে জাহিদ হোসেন বলেন, "বিশ্বমন্দা বিবেচনায় রেখে আমরা (এডিবি) একটি পূর্বাভাস দিয়েছিলাম। বিবিএস বলছে ৫ দশমিক ৯ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হবে। এটা হতেই পারে। সরকারের নানামুখী উদ্যোগের ফলে কৃষি উৎপাদন ভালো হয়েছে। প্রবৃদ্ধি নিয়ে এডিবি একটি ধারণা দিয়েছিল মাত্র।"
বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান সূচক মূল্যস্ফীতি ক্রমান্বয়ে কমে আসছে উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের সংকুলানমুখী মুদ্রানীতির কারণে পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে মূল্যস্ফীতি ৫ দশমিক ৪ (এপ্রিল'০৯) শতাংশে নেমে এসেছে। অথচ ২০০৮ সালের জুলাই মাসে এই হার ছিল ১০ দশমিক ৮ শতাংশ। মূলতঃ খাদ্যপণ্যের দাম কমার কারণেই মূল্যস্ফীতির এই নিম্নগতি হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়।
প্রতিবেদনে দীর্ঘমেয়াদে জিডিপি প্রবৃদ্ধি বাড়ানোর জন্য সরকারকে অবকাঠামো খাতে অনেক বেশি বিনিয়োগ এবং চলমান সংস্কার কর্মসূচী অব্যাহত রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
এছাড়া সরকারের প্রয়োজনীয় ব্যয় মেটানোর জন্য রাজস্ব আদায় বাড়াতে রাজস্ব খাতেও ব্যাপক সংস্কারের পরামর্শ দেয়া হয়েছে প্রতিবেদনে। পরামর্শ দেওয়া হয়েছে বার্ষিক উন্নয়ন কর্মসূিচ (এডিপি) বাস্তবায়নের গতি বাড়ানোরও ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসকে/২৩৫৫ঘ.
bdnews24