ঢাকা, জুন ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় ১২টি শাখা নিয়ে যাত্রা শুরু হয়েছে রিটেইল চেইন শপ 'স্বপ্ন'র। এটি এসিআই গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান এসিআই লজিস্টিকস লিমিটেড এর একটি উদ্যোগ।
গ্রাহকদের জীবনধারা বদলে দেওয়ার প্রত্যয়ে 'স্বপ্ন'র যাত্রা শুরু হয়েছে বলে মঙ্গলবার সাংবাদিকদের জানিয়েছেন প্রতিষ্ঠানটির চিফ অপারেটিং অফিসার আসিফ ইকবাল।
কিছুদিনের মধ্যেই ঢাকায় আরও কয়েকটি শাখা খোলা হবে বলে জানান তিনি।
এছাড়া নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, কুমিল্লা, ফেনী, সিলেট, খুলনা, বরিশাল, রাজশাহী, রংপুর, বগুড়া, যশোরসহ দেশের আরো বেশ কিছু বড় ও ছোট জেলা শহরে 'স্বপ্ন'র শাখা খোলা হবে।
উদ্যোক্তারা বলছেন, দেশের সব শ্রেণী-পেশার মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকবে এর পণ্য সামগ্রী।
এসিআই লজিস্টিকিস-এর তথ্য ও গণসংযোগ নির্বাহী এ আর ইয়াহিয়া তুষার বললেন, এ রিটেইল চেইন-এর বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে- এর অবস্থান প্রধান সড়কের পাশে না হয়ে হবে একটু ভেতরে, মানুষের হাতের নাগালের মধ্যে। এ কারণেই 'স্বপ্ন'তে নিত্য প্রয়োজনীয় প্রায় সব জিনিসপত্রের দামই কাঁচাবাজারের চেয়ে কিছুটা কম হবে বলে দাবি করছেন তারা।
গত বছর পোস্তগোলার আর্সিন গেটে 'ফ্রেশ এন নিয়ার' নামের একটি পরীক্ষামূলক রিটেইল শপ চালুর মধ্যে দিয়ে যাত্রা শুরু করা 'স্বপ্ন'র শাখা এখন ১২টি।
এ শাখাগুলো ছড়িয়ে আছে ঢাকা শহরের মালিবাগ (ঢাকা বিজ্ঞান কলেজ সংলগ্ন), মধ্য বাসাবো, দনিয়া (গোয়াল বাড়ীর মোড়), নাজিমউদদীন রোড (শেখ বোরহান উদ্দীন কলেজের বিপরীতে), লালবাগ (ওয়াটার ওর্য়াকস্ রোড), ওয়ারী (র্যাংকিন স্ট্রীট), পোস্তগোলা, গ্রীনরোড (ল্যাবএইড সংলগ্ন), মনসুরাবাদ (আদাবর, মোহাম্মদপুর), পশ্চিম কাফরুল (রোকেয়া সরনী), নাখালপাড়া ও উত্তরা ছয় নং সেক্টরে।
আসিফ ইকবাল আরো বলেন, "সরাসরি সেবা খাতে এটি এসিআই লিমিটেডের প্রথম উদ্যোগ। আমরা বাজার করতে যাওয়া মানুষের মধ্যে সৃষ্ট প্রতিদিনের হতাশা দূর করতে চাই।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এইচএ/২৩২৫ ঘ.
bdnews24