২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় খাদ্য নীতি নিয়ে কর্ম পরিকল্পনা প্রকাশ

২০১৫ সালের মধ্যে সবার জন্য খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় খাদ্য নীতি বিষয়ক কর্ম পরিকল্পনা (ন্যাশনাল ফুড পলিসি প্ল্যান অব এ্যাকশন) প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী এবং খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক বৃহস্পতিবার এটি প্রকাশ করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2009, 12:33 PM

Updated : 26 Aug 2022, 11:31 AM

ঢাকা, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ২০১৫ সালের মধ্যে সবার জন্য খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় খাদ্য নীতি বিষয়ক কর্ম পরিকল্পনা (ন্যাশনাল ফুড পলিসি প্ল্যান অব এ্যাকশন) প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী এবং খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক বৃহস্পতিবার এটি প্রকাশ করেন। খাদ্যদ্রব্যের সহজলভ্যতা বৃদ্ধি ও আরো বেশি মানুষের জন্য পুষ্টি নিশ্চিত করাই এর লক্ষ্য। এ বিষয়ে প্রতিটি মন্ত্রণালয়ের করণীয় এবং সাফল্যের মানদণ্ডও নির্ধারণ করা হয়েছে। অনুষ্ঠানে মতিয়া চৌধুরী তার বক্তব্যে বলেন, "খামারের সংখ্যা এবং জনগণের ক্রয় ক্ষমতা বাড়ানোর সিদ্ধান্ত সরকার নিয়েছে।" বাজার ব্যবস্থা স্থিতিশীল রাখতে কৃষি পণ্যে ভর্তুকি অব্যাহত ও তা বাড়ানো এবং সরকারের খাদ্য সংগ্রহ ব্যবস্থা শক্তিশালী করার পদক্ষেপও নেওয়া হয়েছে বলে তিনি জানান। পরে কৃষিমন্ত্রী সাংবাদিকদের বলেন, "সেচ ব্যবস্থা সহজতর করার জন্য সরকার পানি ব্যবস্থাপনা পদ্ধতিতে বড় ধরনের সংস্কারের পরিকল্পনা নিয়েছে। এরই মধ্যে অর্থ মন্ত্রণালয় জলাভূমি ব্যবস্থাপনার জন্য বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনকে (বিএডিসি) ৪ শ' কোটি টাকা দিয়েছে।" বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য উৎপাদনের ওপর জোর দিয়ে খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক তার বক্তব্যে বলেন, "জনসংখ্যা বৃদ্ধি, আবাদি জমি হ্রাস, জলবায়ু পরিবর্তন এবং ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগের মুখে দেশীয় উৎপাদন থেকে জনগণের মাথাপিছু চাহিদা পূরণ করাই এখন বড় চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে।" পরে সাংবাদিকদের তিনি বলেন, "কার্যকরভাবে খাদ্য সংগ্রহের প্রধান সমস্যা গুদামের স্বল্পতা।" সরকারি গুদামের ধারণক্ষমতা আরো প্রায় ২ দশমিক ৯ লাখ টন বাড়ানোর জন্য আগামী অর্থ-বছরে কয়েকটি প্রকল্পও হাতে নেওয়া হবে বলে জানান তিনি। খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিব মোখলেছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি, ইউরোপীয় কমিশনের প্রতিনিধি দলের প্রধান স্টেফান ফ্রোয়েন এবং বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) প্রতিনিধি অ্যাড স্পাইকার্স। কর্ম পরিকল্পনার জন্য ইউএসএআইডির মাধ্যমে মার্কিন সরকার এবং ইউরোপিয় ইউনিয়ন ৭০ লাখ ডলার দিয়েছে। বাংলাদেশ সরকার ও এফএও এটি যৌথভাবে বাস্তবায়ন করবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/এফএফ/টিআর/১৮৪০ ঘ.