ঢাকা, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) এর উদ্যোগে রোববার থেকে রাজধানীতে শুরু হয়েছে চতুর্থ ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) মেলা- ২০০৯।
বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মেলার উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী ফারুক খান।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, "বাংলাদেশের শিল্পখাতে ৯৮ ভাগ অবদান এসএমই-এর। কর্মসংস্থান সৃষ্টিতে অতীতে এ খাত ভূমিকা রেখেছে, ভবিষ্যতেও রাখবে।"
নির্বাচনী ইশতেহারে এসএমই খাতের গুরত্ব দেওয়ার অঙ্গীকারের কথা উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন," এ খাতের উন্নয়নে আমরা সহায়তা দেবো।"
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এফবিসিসিআই সভাপতি আনিসুল হক। এতে ওমান চেম্বার অফ কমার্সের চেয়ারম্যান খলিল বিন আবদুল্লাহ বিন মোহাম্মদ আল-খনজি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
চারদিনের এ মেলায় ৯৫টি স্টল ও ১৩টি প্যাভিলিয়ন রয়েছে। দেশের প্রায় ৮৬টি শিল্পোদ্যোক্তা প্রতিষ্ঠান এতে অংশ নিচ্ছে।
যে কোনও দেশের শিল্পোন্নয়নের জন্য এসএমই খাত গুরুত্বপূর্ণ-এ মন্তব্য করে উদ্বোধনী অনুষ্ঠানে আনিসুল হক বলেন, " অভ্যন্তরীণ পণ্যের প্রবৃদ্ধি বাড়াতে কাঁচামাল আমদানির ওপর শুল্ক কমানোর প্রস্তাব দিয়েছি আমরা।"
এ মেলায় শুধু বাংলাদেশের পণ্য প্রদর্শন করা হচ্ছে বলে জানান তিনি।
তবে এ মেলাকে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের এবং দেশীয় উদ্যোক্তাদের মেলা বলা হলেও অনেক বড় ও বিদেশী উদ্যোক্তা প্রতিষ্ঠান এতে অংশ নিয়েছে। এরমধ্যে ১৫টি সরকারি, বেসরকারি ও বিদেশি ব্যাংক রয়েছে। রয়েছে বীমা, অব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান, গ্রামীণ ফোন, সিটিসেল এবং পাকিস্তানের তৈরি হাবিব মোটরসাইকেল ও সুপার পাওয়ার সিএনজি অটোরিক্সার পরিবেশকের স্টল। এছাড়া রয়েছে রূপায়ন হাউজিং, বেঙ্গল গ্র"প অব ইন্ডাস্ট্রিজ, প্যারাডাইজ গ্র"প, প্রাণ-আরএফএল গ্র"পের আরএফএল ফুড, এসিআই ফুড ইত্যাদি।
এসএমই মেলায় যেসব পণ্য প্রদর্শিত হচ্ছে তার মধ্যে রয়েছে- কৃষিভিত্তিক শিল্পপণ্য, হালকা প্রকৌশল পণ্য, সিরামিক ও মেলামাইন পণ্য, বস্ত্র ও বস্ত্রজাত সামগ্রী, প্রক্রিয়াজাত সব্জি ও ফল, দুধ ও দুগ্ধজাত পণ্য, আসবাবপত্র, মাছ ও মাছের খাবার, পাটজাত পণ্য, কুটির শিল্পজাত পণ্য প্রভৃতি।
প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে। প্রবেশ মূল্য ১০ টাকা।
মেলার শেষ দিন সাতজনকে দেওয়া হবে 'এফবিসিসিআই-স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এসএমই অ্যাওয়ার্ড'।
সমাপনী অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
এর আগে ২০০২, ২০০৫ ও ২০০৬ সালে এসএমই মেলার আয়োজন করে এফবিসিসিআই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এসএম/এইচএ/এসকে/
bdnews24