ঢাকা, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত খাদ্য মজুদের জন্য আরো আধুনিক গুদাম গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)।
শনিবার সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অভিমত দিয়ে বলা হয়, বাংলাদেশের ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলায় দেশের দক্ষিণাঞ্চলের কৃষির উন্নয়নের সম্ভাবনাকে কাজে লাগানোর বিষয়টি গুরুত্বপূর্ণ। এজন্য বিনিয়োগ, প্রযুক্তির ব্যবহার ও গবেষণার ক্ষেত্রে সমন্বিত প্রচেষ্টার প্রয়োজন।
গত দু'দিনে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আব্দুর রাজ্জাক ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর সঙ্গে এফএও-এর বাংলাদেশ প্রতিনিধি অ্যাড স্পাইকার্স বগুড়া, নওগাঁ ও যশোর সফরকালে এফএও মিশন এই অভিজ্ঞতা অর্জন করে।
বগুড়া ও নওগাঁয় ধানকল মালিকদের সঙ্গে আলোচনাকালে খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেন, সরকার ঘোষিত ধানের মূল্য থেকে কৃষকের লাভবান হওয়া উচিত। তিনি কয়েকটি ধানকল ও খাদ্য দপ্তরের কয়েকটি গুদাম পরিদর্শন করেন। মন্ত্রী সরকারি কর্মকর্তাদের কৃষকদের কাছ থেকে বেশি করে ধান কেনার নির্দেশ দেন। সংগ্রহের সমস্যা কাটিয়ে উঠতে উত্তরাঞ্চলের জেলাগুলোয় নতুন খাদ্যগুদাম নির্মাণে সরকারি পরিকল্পনাও ব্যাখ্যা করেন মন্ত্রী।
যশোর ও খুলনায় সরকারি কৃষি কর্মকর্তাদের সঙ্গে আলোচনাকালে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে কৃষি উন্নয়নের ব্যাপক সম্ভাবনার গুরুত্ব তুলে ধরেন।
তিনি বলেন, "কৃষি উন্নয়নের জন্য দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চল খুবই উপযোগী একটি এলাকা। এই বিপুল সম্ভাবনাকে কাজে লাগানোর জন্য আমাদের প্রয়োজন দক্ষিণাঞ্চলে সেচের পানি সরবরাহ নিশ্চিত করা।"
স্থানীয় দুই সংসদ সদস্য মন্ত্রীর বক্তব্যের প্রতি তাদের সমর্থন প্রকাশ করে আধুনিক প্রযুক্তি ব্যবহারের আহ্বান জানান।
এফএও প্রতিনিধি অ্যাড স্পাইকার্স বোরো ও অন্যান্য শীতকালীন ফসল উৎপাদনের জন্য গড়াই নদীতে পানি প্রবাহ ফিরিয়ে আনতে অবিলম্বে জরুরি পরিকল্পনা গ্রহণের আহ্বান জানান।
তিনি দেশের দক্ষিণাঞ্চল সম্পর্কে এফএও-এর চলমান কর্মসূচি, বিশেষ করে সিডর আক্রান্ত ১৪ লাখ কৃষকের জন্য এফএও-এর সহায়তার ওপর আলোকপাত করেন।
অচিরেই বিশ্বব্যাংকের তহবিল ব্যবহার করে উপকরণগত সমর্থন দেওয়ার জন্য বড় ধরনের কর্মসূচি চালু করারও আশা প্রকাশ করেন স্পাইকার্স।
কৃষির টেকসই উন্নয়ন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য মন্ত্রীদের এফএও-এর অব্যাহত সমর্থনেরও আশ্বাস দেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/এসকে/২২১৬ঘ.
bdnews24