২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ৮০ হাজার কোটি টাকা: অর্থমন্ত্রী

আগামী ২০০৯-১০ অর্থ বছরের বাজেটে সবমিলিয়ে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ৮০ হাজার কোটি টাকা ধরা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। তিনি বলেন, করের আওতা ব্যাপকভাবে বাড়ানো হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2009, 07:35 AM

Updated : 26 Aug 2022, 11:30 AM

ঢাকা, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী ২০০৯-১০ অর্থ বছরের বাজেটে সবমিলিয়ে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ৮০ হাজার কোটি টাকা ধরা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। তিনি বলেন, করের আওতা ব্যাপকভাবে বাড়ানো হবে। বৃহস্পতিবার দুপুরে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) প্রতিনিধিদের সঙ্গে প্রাক- বাজেট মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থমন্ত্রী একথা জানান। অর্থমন্ত্রী বলেন, "চলতি ২০০৮-০৯ অর্থবছরের বাজেটে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও এনবিআর বহির্ভূত খাতসমূহ মিলিয়ে রাজস্ব আদায়ের মোট লক্ষ্যমাত্রা ছিল ৬৯ হাজার ৩৮২ কোটি টাকা। নতুন বাজেটে তা বাড়িয়ে ৮০ হাজার কোটি টাকা করা হবে।" মুহিত বলেন, আগামী বাজেটে শুল্ককাঠামোর বিন্যাস এমনভাবে করা হবে যাতে বাজারে জিনিসপত্রের দাম না বাড়ে এবং স্থানীয় শিল্পের সুরক্ষা নিশ্চিত হয়। এ প্রসঙ্গে তিনি আরো বলেন, কোনো অবস্থায়ই জনগণের উপর নতুন করে করের বোঝা চাপানো হবে না। তবে করের আওতা ব্যাপকভাবে বাড়ানো হবে বলে তিনি জানান। নোয়াবের সভাপতি ইংরেজী দৈনিক ইণ্ডিপেণ্ডেন্ট সম্পাদক মাহবুবুল আলম চলতি বাজেটে নিউজপ্রিন্ট আমাদানির ক্ষেত্রে আরোপিত শূন্য শুল্ক নতুন বাজেটেও অব্যাহত রাখার দাবি জানান। তিনি বলেন, সংবাদপত্র মালিকরা সপ্তম ওয়েজবোর্ড অনুসরণ করলেও সরকার সে অনুযায়ী বিজ্ঞপন রেট বাড়ায়নি। সময়মত সরকারি বিজ্ঞাপনের বিলও পরিশোধ করা হয়না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এইচএ/১৩৩০ ঘ.