২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কৃষকদের জন্য শস্যবীমা চালুর কথা ভাবছে সরকার: অর্থমন্ত্রী

সরকার কৃষকদের জন্য শস্যবীমা চালুর চিন্তাভাবনা করছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। শুক্রবার বিকেলে সচিবালয়ে চ্যানেল আই আয়োজিত 'কৃষি বাজেট কৃষকের বাজেট-২০০৯' শীর্ষক সুপারিশমালা পেশ অনুষ্ঠানে তিনি এ কথা জানান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, অর্থ সচিব মোহাম্মদ তারেকসহ মন্ত্রণালয়ের উর্ধতন কর্মকর্তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2009, 03:12 PM

Updated : 26 Aug 2022, 11:28 AM

ঢাকা, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার কৃষকদের জন্য শস্যবীমা চালুর চিন্তাভাবনা করছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। শুক্রবার বিকেলে সচিবালয়ে চ্যানেল আই আয়োজিত 'কৃষি বাজেট কৃষকের বাজেট-২০০৯' শীর্ষক সুপারিশমালা পেশ অনুষ্ঠানে তিনি এ কথা জানান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, অর্থ সচিব মোহাম্মদ তারেকসহ মন্ত্রণালয়ের উর্ধতন কর্মকর্তারা। অর্থমন্ত্রী বলেন, "কৃষকদের বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা করতে করতে শস্যবীমা চালুর কথা ভাবছে সরকার। কীভাবে এটা করা যায় তা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।" এ প্রসঙ্গে তিনি বলেন, "পোল্ট্রি বা মৎস্য খাতে বীমা চালু করা সহজ। কিন্তু কৃষকরা অনেক ধরনের ফসল উৎপাদন করে থাকে। ফলে শস্যবীমা চালুর বিষয়টি বেশ জটিল।" অনুষ্ঠানে দেশে উৎপাদিত বাউকুল, আপেল কুল এবং স্ট্রবেরি উৎপাদন উৎসাহিত করতে বিদেশ থেকে এসব ফল আমদানির ক্ষেত্রে শুল্ক আরোপের আহ্বান জানানো হয়। এ প্রসঙ্গে মুহিত বলেন, "বছরের একটা সময় পর্যন্ত বাউকুল, আপেল কুল এবং স্ট্রবেরি আমদানি নিরুৎসাহিত করতে শুল্ক আরোপের বিষয়টি ভেবে দেখা যেতে পারে। দেশে যারা এসব ফল উৎপাদন করছে তারা লাভবান হতে পারে।" তিনি বলেন, "আমরা অনেক ভালো ভালো চিন্তা করি। কিন্তু রুলস অ্যান্ড রেগুলেসন্স, দুর্নীতি, চুরি ইত্যাদি নানা কারণে সেসব চিন্তা বাস্তবায়ন করা যায় না।" এর আগে শাইখ সিরাজ 'কৃষি বাজেট কৃষকের বাজেট-২০০৯' এর সুপারিশমালা অর্থমন্ত্রীর কাছে পেশ করেন। এতে দুটি জেলার তৃণমূল কৃষকের কাছ থেকে পাওয়া বিভিন্ন সমস্যা ও সুপারিশ রয়েছে। এছাড়াও এ বিষয়ে ১১ মিনিটের একটি প্রামাণ্যচিত্রও উপস্থাপন করা হয়। শাইখ সিরাজ বলেন, "তথ্য না পাওয়ায় কৃষক সরকারের দেওয়া বিভিন্ন সুবিধার কথা জানতে পারছে না। এর ফলে মধ্যস্বত্ত্বভোগীরাই কৃষকের জন্য বরাদ্দ বেশিরভাগ অর্থ নিয়ে যাচ্ছে।" তিনি দেশে কৃষি ভিত্তিক শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার জন্যও সরকারকে পরামর্শ দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এইচএ/২১০৮ঘ.