২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর অবকাশ জঙ্গলে পরিণত, তা আর নয়: মুহিত

শিল্প প্রতিষ্ঠান স্থাপনের ক্ষেত্রে নতুন করে আর কোনো কর অবকাশ সুবিধা দেওয়া হবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তবে এর বাইরে উৎপাদনমুখী নতুন শিল্প প্রতিষ্ঠানে ভিন্ন আঙ্গিকে ট্যাক্স বা কর সুবিধা দেওয়া হবে বলে জানান অর্থমন্ত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2009, 01:31 PM

Updated : 26 Aug 2022, 11:27 AM

ঢাকা, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- শিল্প প্রতিষ্ঠান স্থাপনের ক্ষেত্রে নতুন করে আর কোনো কর অবকাশ সুবিধা দেওয়া হবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তবে এর বাইরে উৎপাদনমুখী নতুন শিল্প প্রতিষ্ঠানে ভিন্ন আঙ্গিকে ট্যাক্স বা কর সুবিধা দেওয়া হবে বলে জানান অর্থমন্ত্রী। বৃহস্পতিবার ব্যবসায়ী সংগঠন মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) আয়োজিত প্রাক-বাজেট আলোচনায় অর্থমন্ত্রী একথা বলেন। আগামী বাজেটে কর অবকাশ সুবিধা অব্যাহত রাখতে এমসিসিআই সভাপতি আব্দুল হাফিজ চৌধুরীর দাবির পরিপ্রেক্ষিতে অর্থমন্ত্রী বলেন, "নতুন করে আর কোনো কর অবকাশ সুবিধা দেওয়া হবে না। তবে যে সব শিল্প প্রতিষ্ঠান এ সুবিধা পাচ্ছে নির্ধারিত সময় পর্যন্ত তারা এ সুবিধা পাবে।" আবুল মাল আবদুল মুহিত বলেন, "কর অবকাশ সুবিধা জঙ্গলে পরিণত হয়েছে। কর অবকাশ সুবিধার আওতায় যে সব শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠে তারা যতোদিন কর অবকাশ সুবিধা পায় ততোদিন লাভ করে। এরপর যখনই কর অবকাশ সুবিধার নির্ধারিত মেয়াদ শেষ হয়ে যায় তখনই ওই প্রতিষ্ঠান লোকসানী প্রতিষ্ঠানে পরিণত হয়। এক পর্যায়ে এসে তা বন্ধ হয়ে যায়।" এই সংস্কৃতি থেকে বের হয়ে আসতেই আগামী বাজেটে কর অবকাশ সুবিধা না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর বাইরে উৎপাদনমুখী নতুন শিল্প প্রতিষ্ঠানে ভিন্ন আঙ্গিকে ট্যাক্স বা কর সুবিধা দেওয়া হবে বলে জানান অর্থমন্ত্রী। এদিকে, সংসদ সদস্য ও এমসিসিআই- এর আপত্তি সত্ত্বেও আগামী ২০০৯-১০ অর্থবছরের বাজেটে দেশে বিনিয়োগ বাড়াতে কঠিন শর্তের ভিত্তিতে সুনির্দিষ্ট কয়েকটি খাতে অপ্রদর্শিত আয় বা কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছেন আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, "স্বাধীনতার পর থেকেই কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হচ্ছে। কিন্তু কেবলমাত্র জরুরি অবস্থার মধ্যে (বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময়) ছাড়া কোনোবারই এ সুবিধা দিয়ে তেমন লাভ হয়নি। এরপরও বিশ্ব অর্থনীতির চলমান মন্দা এবং দেশের সার্বিক অবস্থা বিবেচনা করে বিনিয়োগ বাড়াতে কঠিন শর্তের ভিত্তিতে নতুন বাজেটে এ সুবিধা দেওয়া হবে।" বুধবার বাজেট নিয়ে এক বৈঠকে তৈরি পোশাক, ওষুধ, সিমেন্ট, খেলনাসহ কয়েকটি খাতে বিনিয়োগের ক্ষেত্রে অপ্রদর্শিত আয় বৈধ করার সুযোগ দেওয়া হবে বলে অর্থমন্ত্রী জানান। বৃহস্পতিবার তিনি বলেন,"এরসঙ্গে গুরুত্বপূর্ণ আরও দু-একটি খাত যোগ হতে পারে।" এর জন্য শর্ত প্রসঙ্গে মুহিত বলেন, "বাজেটের সব রহস্য আগে থেকে বলা ঠিক না। আমি বলেছি কঠিন শর্ত থাকবে। বাজেটেই তা দেখতে পাবেন।" আগামী অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি কমে যাওয়ার সম্ভাবনা পুনর্ব্যক্ত করে মুহিত জানান, মন্দা কেটে যাওয়ার পর ২০১০-১১ অর্থবছরে ৭ দশমিক ৫ থেকে ৮ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হবে বলে তিনি আশাবাদী। অর্থমন্ত্রী জানান, নতুন বাজেটে কৃষি খাতের পাশাপাশি বিদ্যুৎ ও জ্বালানি খাতকেও বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এএল