২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মন্দার মধ্যেও এবার ৬ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি হবে: গভর্নর

বিশ্ব অর্থনীতির চলমান মন্দার মধ্যেও চলতি ২০০৮-০৯ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি (মোট দেশজ উৎপাদন) ৬ শতাংশ হবে বলে মনে করেন বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর আতিউর রহমান। শনিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে ইন্সটিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট বাংলাদেশের জাতীয় সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন গভর্নর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2009, 03:47 PM

Updated : 26 Aug 2022, 11:26 AM

ঢাকা, মে ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্ব অর্থনীতির চলমান মন্দার মধ্যেও চলতি ২০০৮-০৯ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি (মোট দেশজ উৎপাদন) ৬ শতাংশ হবে বলে মনে করেন বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর আতিউর রহমান। শনিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে ইন্সটিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট বাংলাদেশের জাতীয় সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন গভর্নর। এর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি প্রবৃদ্ধির ব্যাপারে এ আশাবাদ জানান। গভর্নর বলেন, "গত কয়েক মৌসুমে ধানসহ অন্য সব ফসলের ফলন ভালো হয়েছে। অর্থনীতির অন্যতম প্রধান সূচক প্রবাসীদের পাঠানো রেমিটেন্স প্রভাবে এখন পর্যন্ত কোনো ধরনের নেতিবাচক প্রভাব পড়েনি। রপ্তানি খাতেও প্রবৃদ্ধি বজায় রয়েছে। এ সব বিবেচনায় এবার জিডিপি প্রবৃদ্ধি ৬ শতাংশ হবে বলে আমার মনে হয়।" সদ্য বিদায়ী গভর্নর সালেহউদ্দিন আহমেদও বিদায় নেওয়ার আগে একাধিকবার চলতি অর্থবছরের জিডিপি প্রবৃদ্ধি সম্পর্কে একই প্রত্যাশা ব্যক্ত করেছিলেন। চলতি অর্থবছরের বাজেটে জিডিপি প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬ দশমিক ৫ শতাংশ। বিশ্বব্যাংক, আইএমএফ, এডিবিসহ বিভিন্ন দাতা সংস্থা বেশ কয়েকবার পূর্বাভাস দিয়ে বলেছে, বিশ্বমন্দার কারণে চলতি অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি বেশ কম হবে। গভর্নর বলেন, "সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে আমার মনে হচ্ছে, চলতি অর্থবছরে বিশ্বমন্দার প্রভাব আমাদের অর্থনীতিতে তেমন একটা পড়বে না। এখন পর্যন্ত আমাদের অর্থনীতির প্রধান সূচকগুলো ভালো অবস্থায় আছে। তবে আগামী ২০০৯-১০ অর্থবছরে কি হবে সেটা এখনও নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।" আতিউর রহমান বলেন, মন্দার বিষয়টি বিবেচনায় রেখে আমাদের আগামী অর্থবছরের বাজেট প্রণয়ন করতে হবে। কৃষি, ক্ষুদ্র ও মাঝারি শিল্প ও রপ্তানিমুখি পোশাক শিল্পে সবচেয়ে বেশি কর্মসংস্থান হয়। সে কারণে এ খাতগুলোর দিকে আমাদের সব সময় সুনজর দিতে হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসকে/২১৫৪ঘ.