ঢাকা, মে ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- বিশ্ব অর্থনীতির চলমান মন্দা মোকাবেলায় বাংলাদেশকে ২০ কোটি ডলারের জরুরি সহায়তা দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। (আরো তথ্যসহ)
ইন্দোনেশিয়ার বালিতে এডিবির ৪২তম বার্ষিক সাধারণ সভাশেষে দেশে ফিরে এ কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
এডিবির সাধারণ সভায় যোগ দেওয়ার জন্য অর্থমন্ত্রী ১ মে রাতে ইন্দোনেশিয়া যান। ৬ মে মধ্যরাতে তিনি দেশে ফিরেছেন।
অর্থ মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী বলেন, এডিবির নিয়মিত সাহায্যের অতিরিক্ত হিসেবে আগামী ডিসেম্বরের মধ্যে এই ২০ কোটি ডলার সাহায্য পাওয়া যাবে।
আব্দুল মুহিত বলেন, বিশ্বমন্দা মোকাবেলার জন্য এডিবি ৩ দশমিক ৪ বিলিয়ন ডলারের একটি বিশেষ তহবিল গঠন করেছে। বিশ্বমন্দায় এডিবির যে সব সদস্য দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে সেই দেশগুলো এ তহবিল থেকে সহায়তা পাবে। এ তহবিল থেকেই বাংলাদেশকে এ সহায়তা দেওয়া হচ্ছে।
এডিবির এই সহায়তা কোন কোন খাতে ব্যয় করা হবে- এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, মূলত বাজেট সহায়তা হিসেবে এ অর্থ ব্যয় করা হবে। এর মধ্যে সামাজিক নিরাপত্তা, শিল্প সংরক্ষণ ও অবকাঠামোগত উন্নয়নসহ কর্মসংস্থান সৃষ্টির মতো বিষয়গুলো থাকবে।
অর্থমন্ত্রী বলেন, "এডিবির সভায় যোগ দিয়ে আমার যা মনে হয়েছে তা হলো আগামী ২০০৯-২০১০ অর্থবছর বিশ্বের সব দেশের জন্যই হবে একটি কঠিন সময়।"
সব দেশেই জিডিপি প্রবৃদ্ধি আশানুরূপ হবে না বলে জানিয়ে তিনি বলেন, "তবে ২০১১ সাল থেকে মন্দা কেটে যাবে বলে আমার কাছে মনে হয়েছে।"
অর্থমন্ত্রী বলেন, অস্ট্রেলিয়া, জাপান, চীন, ব্রিটেনসহ বিভিন্ন দেশের অর্থমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করে তার ধারণা হয়েছে যে, মন্দার পর কিছু কম হলেও প্রতিটি দেশের জিডিপি প্রবৃদ্ধি বজায় থাকবে।
কোনো দেশেরই প্রবৃদ্ধিতে নেতিবাচক প্রভাব পড়বে না বলে উল্লেখ করে মুহিত বলেন, আগামী বছরও সব দেশেই কমবেশি মন্দার প্রভাব থাকবে। ২০১১ সাল থেকে তা কেটে যাবে বলে তার ধারণা।
অর্থমন্ত্রী বলেন, এশিয়ার দেশগুলোর মধ্যে মন্দার প্রভাব বেশি পড়বে চীন ও জাপানে। বেশি বাণিজ্য নির্ভর হওয়ায় এ দু'টি দেশের সমস্যা হবে অন্যান্য দেশের চেয়ে বেশি। সে তুলনায় বাংলাদেশ, ভারতসহ এশিয়ার অন্যান্য দেশে মন্দার প্রভাব কম পড়বে।
তবে আগামী ২০০৯-১০ অর্থবছর বাংলাদেশের অর্থনীতির জন্য খুবই কঠিন সময় হবে বলে আবারো মনে করিয়ে দেন মুহিত।
অর্থমন্ত্রী জানান, এডিবির বার্ষিক সভায় বিভিন্ন দেশের প্রতিনিধিরা নিজ নিজ দেশের অভ্যন্তরীণ চাহিদা বাড়ানোর ওপর সবচেয়ে বেশি জোর দিয়েছেন। তারা সবাই বলেছেন, নিজেদের বাজার বড় হলে রপ্তানি বাণিজ্যের ওপর নির্ভর করতে হয় না। আর মন্দার প্রভাব থেকেও মুক্ত থাকা যায়।
এই মন্দার অভিজ্ঞতা কাজে লাগিয়ে অভ্যন্তরীণ চাহিদা বাড়ানোর ব্যাপারে সরকার সব ধরনের চেষ্টা চালিয়ে যাবে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, "প্রথমে নিজের বাজার দখল করতে হবে। তারপর অন্য দেশের বাজার। ব্যাপক কর্মসংস্থানের মাধ্যমে মানুষের হাতে টাকা তুৃলে দিতে পারলে নিজেদের উৎপাদিত পণ্য নিজেরা কিনেই বড় বাজার সৃষ্টি করা যায়।"
সংবাদ সম্মেলনে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, "মন্দা মোকাবেলায় বাংলাদেশ যে প্রণোদনা প্যাকেজের কথা ঘোষণা করেছে বিভিন্ন দেশ তার প্রশংসা করেছে।"
তিনি বলেন, সভায় আমাদের অর্থমন্ত্রী তার বক্তৃতায় সরকারি-বেসরকারি খাতের অংশীদারিত্বের (পিপিপি) ভিত্তিতে যে উন্নয়নের কথা তুলে ধরেছেন সেটিকেও তারা ভালোভাবে গ্রহণ করেছে। এক্ষেত্রে এডিবি অতিরিক্ত সহায়তা দেওয়ারও আশ্বাস দিয়েছে।
এডিবির বার্ষিক সভায় অর্থমন্ত্রী ও ইআরডি সচিব ছাড়াও যুগ্ম সচিব সাইফুদ্দিন আহমেদ অংশ নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/জিএমএ/টিআর/এসকে/২২১২ ঘ.
bdnews24