ঢাকা, মে ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উচ্চ আদালতে মূল্য সংযোজন কর (ভ্যাট), শুল্ক ও আয়কর মামলায় আটকে থাকা সরকারের ৬৫০০ কোটি টাকার বেশি অর্থ আদায়ে বিশেষ পদক্ষেপ নিয়েছে সরকার। এসব মামলা দ্রুত নিষ্পত্তির জন্য অ্যাটর্নি জেনারেলের অফিসকে দায়িত্বও দেওয়া হয়েছে।
রোববার বিকেলে আইন মন্ত্রণালয়ে 'সুপ্রিম কোর্টে বিচারাধিন শুল্ক, মূল্য সংযোজন কর (ভ্যাট) ও আয়কর সংক্রান্ত্র রিট ও আপিল মামলার দ্রুত ও কার্যকর নিষ্পত্তি'র বিষয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
বৈঠকে আইনমন্ত্রী শফিক আহমেদসহ অর্থ মন্ত্রণালয়, এনবিআর, কাস্টমস ও অ্যাটর্নি জেনারেল অফিসের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
পরে আইনমন্ত্রী সাংবাদিকদের বলেন, "উচ্চ আদালতে মোট ১৬০ ১৭২টি মামলায় সরকারের মোট ৬৫৫১ কোটি টাকা আটকে আছে। মামলা নিষ্পত্তি না হওয়ায় এসব অর্থ আদায় করা যাচ্ছেনা। বর্তমানে আইনজীবীদের একটি প্যানেল এসব মামলা পরিচালনা করতো। কিন্তু তাদের অধিকাংশ সময় এসব আইনজীবী উপস্থিত থাকেনা বলে যথাসময়ে শুনানি না হওয়ায় মামলাও নিষ্পত্তি হয়না।"
তিনি আরও বলেন, "বৈঠকে সিদ্ধান্ত হয়েছে এসব মামলা দ্রুত নিষ্পত্তির জন্য অ্যাটর্নি জেনারেলের অফিস এখন থেকে দায়িত্ব পালন করবে। সেখানে অর্থ মন্ত্রণালয় ও এনবিআরের দুইজন প্রতিনিধি সম্পৃক্ত থাকবেন। তারা অ্যাটর্নি অফিসের সঙ্গে যোগাযোগ রক্ষা করবেন। এরপর অ্যাটর্নি অফিসের যে কোন আইন কর্মকর্তা এসব মামলার শুনানির ব্যবস্থা করতে পারবেন।"
প্রধান বিচারপতি ইতোমধ্যে শুল্ক, ভ্যাট ও আয়করের মামলা নিষ্পত্তির জন্য সুপ্রিম কোর্টের ছয়টি বেঞ্চকে এখতিয়ার দিয়েছে জানিয়ে তিনি শফিক আহমেদ বলেন, "এখন আইনজীবীরা সক্রিয় হলে সরকার দ্রুত মামলা নিষ্পত্তি করে এসব অর্থ আদায় করতে পারবে।"
তিনি বলেন, "অর্থ মন্ত্রণালয় ও এনবিআরের কর্মকর্তারা জানিয়েছেন ২০০০ সাল থেকেই এ ধরনের মামলাগুলো ঝুলে আছে। অথচ তা হওয়ার কথা নয়।"
এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, "সাধারণত এসব ক্ষেত্রে একই প্রকৃতির অনেক মামলা থাকে। আদালত চাইলে একই প্রকৃতির এসব মামলা এক আদেশে নিষ্পত্তি করতে পারেন।"
বৈঠকে জানানো হয়, শুল্ক বিষয়ক ১২০৫৬৯ টি মামলায় ১৭৩৯ কোটি টাকা, ভ্যট বিষয়ক ২০২৩টি মামলায় ৩১১২ কোটি টাকা এবং আয়কর বিষয়ক ১৫৮০টি মামলায় ১৭০০ কোটি টাকা রাজস্ব আটকে আছে।
বৈঠকে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, আইন সচিব কাজী হাবিবুল আউয়ালসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এএল/জিএনএ/১৯৩২ ঘ.
bdnews24