আবদুর রহিম হারমাছি
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সিনিয়র প্রতিবেদক
ঢাকা, মে ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গত কয়েক বছর দেশের অর্থনীতির সবচেয়ে উদ্বেগজনক সূচক মূল্যস্ফীতি এক বছরে কমেছে ৬ দশমিক ৫৬ শতাংশ পয়েন্ট। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ তথ্য অনুযায়ী, পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে (মাসওয়ারি) গত মার্চ মাসে মূল্যস্ফীতি কমে ৫ দশমিক ০৪ শতাংশে নেমে আসে। গত ছয় বছরের মধ্যে মূল্যস্ফীতির এই হার সর্বনিম্ন। বিস্তারিত জানাচ্ছেন আবদুর রহিম হারমাছি।
এ ব্যাপারে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) সিনিয়র গবেষক জায়েদ বখত বলেন, "মূল্যস্ফীতি কমে আসছে বলে আত্মতুষ্টির কিছু নেই। এই মূল্যস্ফীতি যাতে আবার না বাড়ে সে দিকেই সরকারকে বেশি নজর দিতে হবে। বর্তমানে মূল্যস্ফীতি কমার একটি প্রধান কারণ হচ্ছে, আন্তর্জাতিক বাজারে পণ্যমূল্যের নিম্নগতি। এছাড়া দেশে গত কয়েক মৌসুম ধানসহ অন্যান্য ফসলের ভালো ফলন হওয়াও এর অন্যতম কারণ।"
বছর খানেক আগে ২০০৭ সালের ডিসেম্বর মাস শেষে এই মূল্যস্ফীতি দুই অংকের ঘর অতিক্রম করে (ডাবল ডিজিট) ১১ দশমিক ৫৯ শতাংশে উঠেছিল।
এ হিসাবে এক বছরের কিছু বেশি সময়ের ব্যবধানে মূল্যস্ফীতির হার কমেছে ৬ দশমিক ৫৬ শতাংশ পয়েন্ট।
বর্তমানের ৫ দশমিক ০৪ শতাংশ মূল্যস্ফীতি গত ছয় বছরের মধ্যে সর্বনিম্ন।
২০০২-০৩ অর্থবছরে পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে গড় মূল্যস্ফীতির হার ছিল ৫ দশমিক ০৩ শতাংশ। এরপর থেকে গত মার্চ পর্যন্ত দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ এই সূচকটি ৫ শতাংশে নামেনি।
বিবিএস-এর তথ্য পর্যালোচনা করে দেখা যায়, ২০০১ সালে বিগত আওয়ামী লীগ সরকার ক্ষমতা ছাড়ার অর্থবছরে (২০০০-০১) গড় মূল্যস্ফীতির হার ছিল ১ দশমিক ৬৬ শতাংশ। এরপর বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতায় আসার পর মূল্যস্ফীতি ধীরে ধীরে বেড়ে ২০০৫ সালের ডিসেম্বরে ৭ দশমিক ০৭ শতাংশে দাঁড়ায়। এরপর ২০০৬ সালের ডিসেম্বরে তা আরও বেড়ে ৭ দশমিক ৫৪ শতাংশে উঠে। জোট সরকার ক্ষমতা ছাড়ার মাস ২০০৬ সালের অক্টোবরে মূল্যস্ফীতির হার ছিল ৭ দশমিক ৩১ শতাংশ।
এরপর তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নেওয়ার পর ২০০৭ সালের মার্চ মাসে মূল্যস্ফীতির হার ছিল ৭ দশমিক ৪৩ শতাংশ। এপ্রিল ও মে মাসে এ হার ছিল যথাক্রমে ৮ দশমিক ২৮ ও ৮ দশমিক ০৫ শতাংশ। জুন মাসে তা বেড়ে ৯ দশমিক ২০ শতাংশে দাঁড়ায়।
জুলাই মাসে মূল্যস্ফীতি দুই অংক অতিক্রম করে ১০ দশমিক ১০ শতাংশে উঠে। এরপর প্রতি মাসেই বাড়তে বাড়তে ডিসেম্বরে মূল্যস্ফীতি দাঁড়ায় ১১ দশমিক ৫৯ শতাংশ।
২০০৮ সালের জানুয়ারিতে মূল্যস্ফীতি সামান্য কমে ১১ দশমিক ৪৩ শতাংশে নেমে আসে। মার্চ মাসে মূল্যস্ফীতির হার ছিল ১০ দশমিক ০৬ শতাংশ। এরপর থেকে অবশ্য মূল্যস্ফীতি কমতে কমতে দুই অংকের নিচে নেমে আসে।
আওয়ামীলীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতায় আসার মাস ডিসেম্বরে মূল্যস্ফীতির হার ছিল ৬ দশমিক ০৩ শতাংশ। জানুয়ারিতে এ হার ছিল ৬ দশমিক ০৬ শতাংশ। ফেব্র"য়ারিতে কমে ৫ দশমিক ৮১ শতাংশে নেমে আসে।
সর্বশেষ মার্চ মাসে তা আরও কমে ৫ দশমিক ০৪ শতাংশে নেমে এসেছে।
জায়েদ বখত আরো বলেন, "বিশ্ববাজারে যে কোনো মুহূর্র্তে পণ্যমূল্য বেড়ে যেতে পারে। এছাড়া প্রাকৃতিক দুর্যোগের কারণে আমাদের ফসলেরও ক্ষতি হতে পারে। এসব বিষয় বিবেচনায় রেখে দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে অর্থাৎ দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে সরকারকে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করতে হবে। আন্তর্জাতিক ও স্থানীয় বাজার সব সময় পর্যবেক্ষণ করতে হবে।"
বর্তমানে ভোজ্যতেলের দাম বৃদ্ধির কথা তুলে ধরে তিনি বলেন, "প্রয়োজনে সরকারকে বাজারে সরাসরি হস্তক্ষেপ করে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে হবে।"
সরকার বড় আকারের বাজেট দেবে এমন ধারণা করে তিনি বলেন, "বড় বাজেটের কারণে বাজারে যাতে জিনিসপত্রের দাম না বাড়ে সেদিকেও সজাগ দৃষ্টি রাখতে হবে।"
বিগত দুই সরকারের (বিএনপি ও তত্ত্বাবধায়ক) আমলের ঊর্ধ্বমুখী মূল্যস্ফীতি বিবেচনায় রেখে বাজার পরিস্থিতি সহনীয় রাখতে সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পরামর্শও দেন তিনি।
তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা আকবর আলি খান বলেন, "মূল্যস্ফীতি যাতে আবার না বাড়ে সে জন্য আগামী ২০০৯-১০ অর্থবছরের বাজেটে প্রয়োজনীয় প্রদক্ষেপ নিতে হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এএল/জিএনএ/১৯১৩ ঘ.
bdnews24