ঢাকা, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিল্পাঞ্চলে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার জন্য প্রয়োজনে সার কারখানায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার প্রস্তাব দিয়েছে নীট পোশাক শিল্প মালিকদের সংগঠন বিকেএমইএ।
মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সংগঠনটির নেতারা বিদ্যুৎ প্রতিমন্ত্রী শামসুল হক টুকুর সঙ্গে বৈঠক করে এ প্রস্তাব দেন।
বৈঠক শেষে বিকেএমইএ সভাপতি ফজলুল হক সাংবাদিকদের বলেন, "অপর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ ও ঘন ঘন লোড শেডিংয়ের জন্য নীট ও ডায়িং শিল্প বর্তমানে মারাত্মক ক্ষতির সম্মুখীন।
"তাই আমরা চট্টগ্রামের মতো সার কারখানাগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রেখে হলেও অন্যান্য শিল্পাঞ্চলে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার প্রস্তাব দিয়েছি। কারণ সার আমদানি করা সম্ভব। "
বৈঠকে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বেসরকারি উদ্যোগে সৌরবিদ্যুৎ স্থাপনের পরামর্শ দিয়েছেন বলে জানান ফজলুল হক।
এ বিষয়ে তিনি বলেন, "বেসরকারি উদ্যোগে সৌরবিদ্যুৎ স্থাপন করা হলে সরকার কর রহিত করণের বিষয়টি বিবেচনা করবে বলে প্রতিমন্ত্রী আমাদের জানিয়েছেন।"
বিকেএমইএ সভাপতি আরো বলেন, "আমরাও বলেছি এবং মন্ত্রীও বলেছেন যে, বিদ্যুৎ সমস্যা রাতারাতি সমাধান সম্ভব নয়। তবে তিনি এ সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টার কথা বলেছেন।"
বৈঠকে বিকেএমইএ'র পক্ষে লিখিতভাবেও কিছু প্রস্তাব দেওয়া হয়।
এর মধ্যে রয়েছে- যেসব কারখানায় নিজস্ব জেনারেটর আছে সেগুলোকে বিদ্যুৎ রেশনিং এর আওতায় না ফেলা, নির্দিষ্ট ছুটির দিন ছাড়া সপ্তাহের বাকি দিনগুলোতে শিল্প কারখানায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখা এবং নারায়ণগঞ্জ, সাভার, গাজীপুর বিসিক অঞ্চলসহ অন্যান্য শিল্পঘন অঞ্চলে বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা।
বৈঠকে নীট খাতের বিভিন্ন সমস্যার চিত্র তুলে ধরে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সহায়তাও চান তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এজে/জিএনএ/১৭০৪ ঘ.
bdnews24