ঢাকা, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বাড়ানোর জন্য তত্ত্বাবধায়ক সরকারের সময় গঠিত সপ্তম পে-কমিশন (বেতন কমিশন) বৃহস্পতিবার তাদের প্রতিবেদন জমা দিয়েছে।
তবে এই প্রতিবেদনে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা কী পরিমাণ বাড়ানোর সুপারিশ করা হয়েছে তা জানাননি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও পে-কমিশনের চেয়ারম্যান মীর মোসতাফিজুর রহমান।
অর্থমন্ত্রী জানিয়েছেন, কমিশন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বাড়ানোর জন্য যে সুপারিশ করেছে তাতে যে অতিরিক্ত অর্থের প্রয়োজন হবে তা সরকারের মোট রাজস্বের ১০ শতাংশের নিচে থাকবে।
দুপুরে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পে-কমিশনের সদস্যরা আনুষ্ঠানিকভাবে অর্থমন্ত্রীর কাছে তাদের প্রতিবেদন জমা দেন।
এরপর অর্থমন্ত্রী উপস্থিত সাংবাদিকদের বলেন, গত সেপ্টেম্বর মাসে বিগত তত্ত্বাবধায়ক সরকার ১৩ সদস্যের যে কমিশন গঠন করেছিল অক্টোবর মাসের শেষ দিকে তারা আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করে। ছয় মাসের মধ্যে তাদের প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল। কমিশন নির্ধারিত ছয় মাসের আগেই তাদের প্রতিবেদন জমা দিয়েছে।
তিনি বলেন, "কমিশন আমার কাছে যে প্রতিবেদন জমা দিয়েছে সেটা আমি নিজেও খুলে দেখিনি। তারা কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা কী পরিমাণ বাড়ানোর সুপারিশ করেছে সে বিষয়ে এখনো আমি কিছু জানি না।
"কমিশনের জমা দেওয়া প্রতিবেদনের বিষয়ে সরকার একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করবে। ওই কমিটি প্রতিবেদনের নানা দিক পর্যালোচনা করার পরই তা আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে জানানো হবে। সে জন্য আপনাদের (সাংবাদিকদের) আরো ১৫ দিন অপেক্ষা করতে হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এজে/এইচএ/১৭২৭ঘ.
bdnews24