ঢাকা, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -বস্ত্র খাতে সরকারের নগদ আর্থিক সহায়তা বাড়ানো হচ্ছে। ফলে বিশ্বমন্দার প্রভাব মোকাবেলায় সরকার ঘোষিত প্রণোদনা প্যাকেজের আকার আরো বাড়বে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
তবে কতটুকু বাড়বে সে ব্যাপারে তিনি কিছু জানাননি।
বুধবার দুপুরে সচিবালয়ে বস্ত্রশিল্প মালিকদের সংগঠন বিটিএমএ প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
অর্থমন্ত্রী বলেন, "আমি আগেই বলেছি, প্যাকেজে বস্ত্র খাতে সহায়তা দেওয়ার বিষয়টি আমি ভুলে গিয়েছিলাম। বিশ্বমন্দার কারণে দেশের বস্ত্র খাতে নেতিবাচক প্রভাব পড়েছে। এ ক্ষতি পুষিয়ে দিতে এ খাতে বিদ্যমান নগদ সহায়তার পরিমাণ বাড়ানো হবে। কী পরিমাণ বাড়ানো হবে তা প্যাকেজ সংক্রান্ত সরকারের (অর্থমন্ত্রণালয়ের) ওয়ার্কিং গ্র"প ও বিটিএমএ প্রতিনিধিরা বসে সার্বিক পরিস্থিতি বিশ্লেষণ করে ঠিক করবে।"
অর্থমন্ত্রী জানান, চলতি ২০০৮-০৯ অর্থবছরের বাকি দুই মাসের জন্য (৩০ জুন পর্যন্ত) যে প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়েছে সেই প্যাকেজের অধীনেই বস্ত্র খাতে নগদ সহায়তার পরিমাণ বাড়ানো হবে।
বস্ত্র খাতে নগদ সহায়তা বাড়ানো হলে প্যাকেজের আকার বাড়বে কিনা-বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের এ প্রশ্নের উত্তরে মুহিত বলেন, "অবশ্যই বাড়বে। সহায়তার পরিমাণ বাড়লে প্যাকেজের আকার অবশ্যই বাড়বে।"
এ প্রসঙ্গে তিনি আরও বলেন, "প্রণোদনা প্যাকেজ একটি চলমান প্রক্রিয়া। মন্দায় যে খাত ক্ষতিগ্রস্থ হবে বলে প্রতীয়মান হবে, সে খাতকেই সহায়তা দিয়ে ক্ষতি পুষিয়ে দেওয়ার চেষ্টা করবে সরকার।"
বিশ্বমন্দার প্রভাব মোকাবিলায় গত রোববার (১৯ এপ্রিল) সরকার তিন হাজার চারশ' ২৪ কোটি টাকার রাজস্ব প্রণোদনা প্যাকেজ ঘোষণা করে।
সরকার ঘোষিত আশুকরণীয় রাজস্ব প্রণোদনা প্যাকেজে পাটজাত পণ্যের রপ্তানির ক্ষেত্রে নগদ আর্থিক সহায়তা বর্তমানের ৭ দশমিক ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১০ শতাংশ, চামড়া ও চামড়াজাত পণ্যের রপ্তানি সহায়তার হার বর্তমানের ১৫ শতাংশ থেকে বাড়িয়ে ১৭ দশমিক ৫ শতাংশ এবং হিমায়িত চিংড়ি ও অন্যান্য মাছ রপ্তানি খাতে নগদ সহায়তার হার বর্তমানের ১০ শতাংশ থেকে বাড়িয়ে ১২ দশমিক ৫ শতাংশ করা হয়।
এছাড়া রপ্তানিমুখী দেশীয় বস্ত্র খাত, কৃষি পণ্য (শাক-সবজি-ফলমূল) এবং প্রক্রিয়াজাত কৃষি পণ্য, আলু, বাই-সাইকেলসহ অন্যান্য খাতে যে হারে নগদ সহায়তা দেওয়া হচ্ছে তা অব্যাহত থাকবে বলে বলা হয়।
বর্তমানে বস্ত্র খাতে ৫ শতাংশ নগদ আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে।
অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠকে বিটিএমএ প্রতিনিধিরা বিশ্বমন্দা মোকাবিলায় এই নগদ সহায়তার পরিমাণ বাড়ানোর দাবি জানান।
প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বিটিএমএ সভাপতি আবদুল হাই সরকার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বে
bdnews24