২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'প্রয়োজনে পোশাক শিল্পেও আর্থিক সহায়তা দেওয়া হবে'

বিশ্বমন্দা মোকাবেলায় প্রয়োজনে পোশাক শিল্পেও আর্থিক সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন সরকারের এক মন্ত্রী। সচিবালয়ে তৈরি পোশাক প্রস্তুককারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) নেতাদের সঙ্গে বৈঠক শেষে মঙ্গলবার স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এ কথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2009, 12:45 PM

Updated : 26 Aug 2022, 11:21 AM

ঢাকা, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বমন্দা মোকাবেলায় প্রয়োজনে পোশাক শিল্পেও আর্থিক সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন সরকারের এক মন্ত্রী। সচিবালয়ে তৈরি পোশাক প্রস্তুককারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) নেতাদের সঙ্গে বৈঠক শেষে মঙ্গলবার স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এ কথা বলেন। মন্দা মোকাবেলায় সরকার ঘোষিত প্রণোদনা প্যাকেজে পোশাক শিল্পের জন্য আর্থিক সহায়তা না থাকা প্রসঙ্গে সৈয়দ আশরাফ বলেন, "সরকার হয়তো মনে করছে এ মুহূর্তে প্রয়োজন নেই। কিন্তু পরে প্রয়োজন হলে দেওয়া হবে।" আর্থিক সহায়তা দেওয়ার বিষয়টি বন্ধ হয়ে যায়নি, খোলাই রাখা হয়েছে বলে জানান তিনি। স্থানীয় সরকার মন্ত্রী বলেন, "গার্মেন্টস শিল্পের জন্য আলাদা প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হলেও হতে পারে।" তিনি জানান, সোমবার বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রীও একই কথা বলেছেন। বৈঠকে বিজিএমইএ'র পক্ষে সভাপতি আব্দুস সালাম মুর্শেদী মন্দা মোকাবেলায় পোশাক শিল্পের বিভিন্ন সমস্যা সমাধানে সাতাশ দফা দাবি লিখিত আকারে মন্ত্রীর কাছে পেশ করেন। বৈঠকে সমিতির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। সরকার ঘোষিত রাজস্ব প্রণোদনা প্যাকেজে পাট ও পাটজাত, চামড়া ও চামড়াজাত পণ্য ছাড়াও হিমায়িত চিংড়ি ও অন্যান্য মাছ রপ্তানি খাতে নগদ সহায়তার হার বাড়ানো হয়েছে। কিন্তু পোশাক শিল্পের জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/টিআর/এইচএ/১৮২০ ঘ.