আবদুর রহিম হারমাছি
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সিনিয়র প্রতিবেদক
ঢাকা, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বমন্দার প্রভাব মোকাবেলায় প্রস্তাবিত সহায়তা প্যাকেজে নগদ অর্থের চেয়ে নীতিগত সহায়তার উপরই বেশি গুরুত্ব দেবে সরকার।
শনিবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেওয়া এক সাক্ষাৎকারে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত একথা জানিয়েছেন।
তিনি বলেন, "আমাদের সম্পদ খুবই সীমিত। এ সীমিত সম্পদ দিয়েই পরিস্থিতি মোকাবেলা করা হবে। এ কারণেই রোববার যে সহায়তা প্যকেজ ঘোষণা করা হবে তাতে নগদ টাকা-পয়সার চেয়ে নীতিগত বিভিন্ন ধরনের সহায়তার বিষয়কেই বেশি গুরুত্ব দেওয়া হবে।"
রোববার সকাল সাড়ে ১১ টায় সচিবালয়ে অর্থ বিভাগের সম্মেলন কক্ষে বহুল আলোচিত এ প্যাকেজ ঘোষণা করবেন অর্থমন্ত্রী।
মুহিত বলেন, সরকারের সীমিত সম্পদের বিষয়টিকেও সবার বিবেচনায় রাখতে হবে। শুধু এটা চাই, ওটা চাই-দাবি করলে হবে না। সরকার কোথা থেকে দেবে, সে বিষয়টিও মাথায় রাখতে হবে।
তিনি জানান, মন্দা মোকাবেলায় বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। ব্যাংকিং সহায়তাসহ বিভিন্ন ধরনের নীতিগত সহায়তা দিয়ে সরকার এ পরিস্থিতি মোকাবেলায় সক্ষম হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সহায়তা প্যাকেজ ঘোষণা অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী ফারুক খান, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা মসিউর রহমান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর সালেহউদ্দিন আহমেদ, অর্থসচিব মোহাম্মদ তারেক, বাণিজ্য সচিব ফিরোজ আহমেদ, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসিরউদ্দিন আহমেদ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া উপস্থিত থাকবেন।
মন্দা মোকাবেলায় কতো কোটি টাকার সহায়তা প্যাকেজ ঘোষণা করা হচ্ছে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, "আমি আগেই বলেছি, প্যাকেজে নগদ টাকা-পয়সার চেয়ে নীতিগত সহায়তা বেশি দেওয়া হবে। এ কারণেই আমরা আমাদের প্যাকেজের নাম দিয়েছি 'অর্থনৈতিক সঙ্কট মোকাবেলায় আর্থিক প্রণোদনামূলক প্যাকেজ'।
"কাল (রোববার) সকালেই সব জানতে পারবেন। সব কিছু বলে দিলে তো কিছুই বলার থাকবে না। কিছু 'চমক' তো রাখতে হয়।"
এর বেশি আর কিছুই বলতে চাননি তিনি।
মুহিত জানান, বিশ্বমন্দার প্রভাব মোকাবেলায় 'আসল প্যাকেজ' ঘোষণা করা হবে আগামী ২০০৯-১০ অর্থবছরের বাজেটের মাধ্যমে। মাস দেড়েক পরই জুন মাসের প্রথমার্ধে নতুন বাজেট ঘোষণা করা হবে। ওই বাজেটেই ক্ষতিগ্রস্ত রপ্তানি খাতের ক্ষতি পুষিয়ে দিতে একটি সমন্বিত পূর্ণাঙ্গ সহায়তা প্যাকেজ ঘোষণা করা হবে।
এ প্রসঙ্গে তিনি বলেন, এর আগে চলতি ২০০৮-০৯ অর্থবছরের বাকি সময়ের জন্য রোববার একটি অন্তবর্তীকালীন 'নীতি সহায়তা প্যাকেজ' ঘোষণা করা হবে।
বাংলাদেশে অর্থবছর শুরু হয় ১লা জুলাই থেকে। আর শেষ হয় ৩০ জুন।
জুন মাসের প্রথম দিকে অর্থমন্ত্রী জাতীয় সংসদে পরবর্তী অর্থবছরের বাজেট পেশ করে থাকেন। সংসদে প্রস্তাবিত বাজেটের উপর আলোচনার পর জুন মাসের একেবারে শেষের দিকে তা পাস হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এইচএ/২১৪০ঘ.
bdnews24