ঢাকা, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--অগ্রণী ব্যাংকের উচ্চপদস্থ কর্মকর্তাদের গাড়ির সুদবিহীন ঋণ প্রদানের সিদ্ধান্ত তিন মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট।
সহকারী মহাব্যবস্থাপক থেকে নির্বাহী পরিচালক পদমর্যাদার কর্মকর্তাদের সর্বোচ্চ ১৫ লাখ টাকা ঋণ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
পাশাপাশি এই সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং যারা এই ঋণ নিয়েছে তাদেরকে কেন সুদ দেওয়ার নির্দেশ দেওয়া হবে না তার কারণ দর্শানোর জন্য সরকার ও ওই ব্যাংক কর্তৃপক্ষের প্রতি রুলনিশি জারি করা হয়েছে।
সরকারের অর্থ সচিব, অগ্রণী ব্যাংকের নির্বাহী পরিচালক, ঋণ বিভাগের মহাব্যবস্থাপক ও উপ মহাব্যবস্থাপককে আগামী ছয় সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।
রোববার বিচারপতি এ বি এম খায়রুল হক ও বিচারপতি মমতাজউদ্দিন আহমেদের হাইকোর্ট বেঞ্চ অ্যাডভোকেট মনজুর মোরশেদের দায়ের করা এক জনস্বার্থ রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেয়।
গত ১৯ ফেব্র"য়ারি অগ্রণী ব্যাংকের ঋণ বিভাগের মহাব্যবস্থাপক হারুন আল রশিদ ও উপ মহাব্যবস্থাপক মো. আসলাম মিয়া ব্যাংকের নির্বাহীদের কার লোন স্কিম সংক্রান্ত এক পরিপত্র জারি করেন। এতে গাড়ি কেনার জন্য ওই ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক থেকে নির্বাহী পরিচালক পদমর্যাদার কর্মকর্তাদের সর্বোচ্চ ১৫ লাখ টাকা সুদবিহীন ঋণ প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া গাড়ির আনুষঙ্গিক খরচ বাবদ প্রতিমাসে সর্বোচ্চ ৩০ হাজার টাকা সুদবিহীন ঋণ দেওয়ার কথা বলা হয়।
এর বৈধতা নিয়ে দায়ের করা রিটে বলা হয়, সংশ্লিষ্ট নীতিমালায় সুদ ছাড়া কোন ঋণ হয় না বলে উল্লেখ রয়েছে। তাই পরিপত্রটি সংশ্লিষ্ট প্রবিধানের লংঘন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসকে/২০২৯ঘ.
bdnews24