২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মন্দার মধ্যেও ৬ দশমিক ২৩ বিলিয়ন ডলারের রেকর্ড রিজার্ভ

অতীতের সব রেকর্ড ছাড়িয়ে বাংলাদেশ ব্যাংকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৬২৩ কোটি ২০ লাখ (৬ দশমিক ২৩ বিলিয়ন) ডলারে দাঁড়িয়েছে। এর আগে গত বছরের ৩ জুলাই বৈদেশিক মুদ্রার রিজার্ভ সর্বোচচ ৬২০ কোটি ৮০ লাখ ডলারে উঠেছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2009, 07:39 PM

Updated : 26 Aug 2022, 11:18 AM

আবদুর রহিম হারমাছি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সিনিয়র প্রতিবেদক ঢাকা, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অতীতের সব রেকর্ড ছাড়িয়ে বাংলাদেশ ব্যাংকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৬২৩ কোটি ২০ লাখ (৬ দশমিক ২৩ বিলিয়ন) ডলারে দাঁড়িয়েছে। এর আগে গত বছরের ৩ জুলাই বৈদেশিক মুদ্রার রিজার্ভ সর্বোচচ ৬২০ কোটি ৮০ লাখ ডলারে উঠেছিল। বিশ্ব অর্থনীতির চলমান মন্দার মধ্যেও কেন্দ্রীয় ব্যাংকের এই রেকর্ড রিজার্ভকে দেশের অর্থনীতির জন্য ইতিবাচক হিসেবে দেখছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও অর্থনীতিবিদরা। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ বৃহস্পতিবার বিকেলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মূলতঃ প্রবাসীদের পাঠানো রেমিটেন্স এবং বিলাসবহল পণ্য আমদানি কম হওয়ার কারণে রিজার্ভ সর্বোচ্চ পর্যায়ে উঠেছে।" বর্তমান বিশ্ব প্রেক্ষাপটে ৬ দশমিক ২৩ বিলিয়ন ডলারের রিজার্ভ খুবই 'স্বস্তিদায়ক' বলে মন্তব্য করেন তিনি। গভর্নর জানান, বর্তমান রিজার্ভ দিয়ে পাঁচ মাসের বেশি আমদানি ব্যয় মেটানো সম্ভব। আন্তর্জাতিক মান অনুযায়ী যে কোনো দেশে কমপক্ষে তিন মাসের আমদানি ব্যয় মেটানোর মতো মুদ্রা রিজার্ভ থাকতে হয়। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) সিনিয়র গবেষণা পরিচালক অর্থনীতিবিদ ড. জায়েদ বখত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমাদের মতো অর্থনীতিতে রিজার্ভ ৬ বিলিয়ন ডলারের বেশি থাকা খুবই ভালো। তবে ব্যবহার না হওয়ার কারণে যদি রিজার্ভ বেড়ে থাকে তাহলে আবার সেটা ভালো নয়।" জায়েদ বখত বলেন, "বিশ্ব মন্দার কারণে দেশে শিল্প স্থাপনের জন্য প্রয়োজনীয় মূলধনী যন্ত্রপাতিসহ অন্যান্য পণ্য আমদানি কমেছে। এমন সব প্রয়োজনীয় পণ্য আমদানি কমে যাওয়ার কারণেই যদি রিজার্ভ বেড়ে থাকে তাহলে আবার সেটা ভালো লক্ষণ নয়।" বিশ্ব অর্থনীতির মন্দার প্রভাব বাংলাদেশের অর্থনীতিতে কেবল পড়তে শুরু করেছে মন্তব্য করে এ গবেষক বলেন, "শেষ পর্যন্ত মন্দার প্রভাব আমাদের ওপর কতোটা পড়বে তার ওপরই নির্ভর করছে সবকিছু।" তবে বর্তমান পরিস্থিতিতে বিলাসবহুল পণ্য আমদানি কম হওয়াই ভালো বলে মত দেন জায়েদ বখত। শিল্পায়নের জন্য প্রয়োজনীয় মূলধনী যন্ত্রপাতি আমদানি কমে যাওয়া প্রসঙ্গে গভর্নর সালেহউদ্দিন আহমেদ বলেন, "মূলধনী যন্ত্রপাতি আমদানি সামান্য কমেছে। বিলাসবহুল পণ্য আমদানিই বেশি কমেছে।" কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ৫ এপ্রিল আট মাস পর রিজার্ভ ৬ বিলিয়ন ডলার অতিক্রম করে ৬০৩ কোটি ডলারে দাঁড়ায়। এর পর গত ৭ এপ্রিল (মঙ্গলবার) রিজার্ভ বেড়ে ৬১৫ কোটি ৭০ লাখ ডলার এবং পরদিন ৬১৯ কোটি ২ লাখ ডলারে ওঠে। বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ আরও বেড়ে দাঁড়ায় ৬২৩ কোটি ২০ লাখ ডলারে। তথ্য অনুযায়ী, গত মার্চ মাসে ৮৮ কোটি ১৩ লাখ ডলারের রেকর্ড পরিমান রেমিটেন্স দেশে এসেছে। এর আগে কখনই একক মাস হিসেবে এত রেমিটেন্স দেশে আসেনি। আগামী মে মাসের প্রথম সপ্তাহে মার্চ-এপ্রিল মাসের আকু (এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন) আমদানি বিল পরিশোধ করতে হবে। আমদানি বাণিজ্যের অর্থ দু'মাস পর পর আকুর মাধ্যমে শোধ করতে হয়। এর আগ পর্যন্ত রিজার্ভ ৬ বিলিয়ন ডলারের ওপরেই থাকবে বলে কেন্দ্রীয় ব্যাংকের এক কর্মকর্তা জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসকে/২৩৫৭ঘ.